অনলাইন গেম আসক্তি নিয়ে পারিবারিক অশান্তি! বহুতল থেকে একসঙ্গে ঝাঁপ তিন বোনের, তদন্তে পুলিশ
অনলাইনে গেম খেলাই হল কাল। বাবা-মায়ের বাধা এবং বকাঝকার কারণেই চরম সিদ্ধান্ত! উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এক হৃদয়বিদারক ঘটনা সামনে এসেছে। মঙ্গলবার গভীর রাতে লোনি এলাকার একটি বহুতল আবাসনে ১০ তলা থেকে একসাথে ঝাঁপ দিয়ে তিন নাবালিকার মৃত্যু হয়েছে। তাদের বয়স যথাক্রমে ১২, ১৪ এবং ১৬ বছর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, তিন বোনই বহুদিন ধরে অনলাইন গেমে আসক্ত ছিল। করোনার সময় থেকেই মোবাইল গেমের প্রতি ঝোঁক বাড়ে তাদের। অভিযোগ উঠেছে যে, মাঝেমধ্যেই স্কুলে না গিয়ে গেম খেলায় মেতে উঠত তারা। এই অভ্যাস নিয়ে প্রায় প্রত্যেকদিন বাবা মায়ের সঙ্গে অশান্তি হত। মঙ্গলবার রাতেও সেই একই কারণে বাড়িতে শুরু হয় তুমুল ঝামেলা। তার কিছুক্ষণের মধ্যেই ঘটে যায় এই ভয়ঙ্কর ঘটনা। খবর পাওয়ার পরেই রাতে দ্রুত টিলা মোড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।
মৃত দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ। যদিও ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কোনোকিছুই নিশ্চিত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। পরিবার এবং আবাসনের বাসিন্দাদের সাথে কথা বলে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
তদন্তকারীদের মতে, সম্প্রতি একটি টাস্ক-ভিত্তিক অনলাইন গেমে বিশেষভাবে আসক্ত হয়ে পড়েছিল ওই তিন বোন। সেই গেম নিয়েই বাড়িতে প্রায়ই ঝামেলা চলত। বাবা-মায়ের আপত্তি এবং বকাঝকার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে বলেও প্রাথমিক অনুমান। তবে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications