Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

লিভ-ইন বা সম্পর্কে থেকে সন্তানের জন্ম হলে তা বিবাহের সমান! খোরপোশ পাবে সঙ্গিনী, কী জানাল হাইকোর্ট?

লিভ-ইন অথবা দীর্ঘদিনের সম্পর্কে থাকার পরে যদি কোনও যুগলের সন্তান জন্মায়, তা হলে সেই সম্পর্ক আইন বিবাহের মতো সম্পর্ক হিসেবে গণ্য হবে। সে ক্ষেত্রে মহিলা সঙ্গিনী স্ত্রীর মতোই আইনি সুরক্ষা এবং ভরণপোষণের অধিকার পাবেন। সাম্প্রতিক এক মামলায় এইরকমই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে বম্বে হাই কোর্ট।

-

আদালতের সামনে আসা এরকমই এক মামলায় অভিযোগ যে, এক যুবক বহুদিন ধরে এক তরুণীর সঙ্গে সম্পর্কে ছিলেন। তাঁরা দুজনে একসঙ্গে বসবাসও করতেন। সেই সম্পর্কে থাকাকালীন তাঁদের একটি কন্যাসন্তান জন্মায়। কিন্তু পরে যুবক মা এবং শিশুর দায়িত্ব নিতে অস্বীকার করেন। তারপর ওই যুবক অন্য এক মহিলাকে বিয়ে করেন। বিয়ে না হওয়ার যুক্তি দেখিয়ে তিনি আর্থিক দায়িত্ব এড়াতে চান।

তারপরেই ওই তরুণী আইনের আশ্রয় নেন। তিনি গার্হস্থ্য হিংসা আইনে মামলা দায়ের করেন। তাঁর দাবি ছিল, সম্পর্কে থাকার সময় একবার তিনি অন্তঃসত্ত্বা হলে তাঁকে জোর করে গর্ভপাত করানো হয়। পরে সন্তানের জন্ম হলেও অভিযুক্ত তাঁদের ছেড়ে চলে যান। বর্তমানে শিশুটির বয়স আট মাস।

নিম্ন আদালত পরিস্থিতি বিবেচনা করার পর যুবককে নিয়মিত ভরণপোষণ দেওয়ার নির্দেশ দেয়। আদালতের নির্দেশ অনুসারে, তরুণীর জন্য মাসে ৫ হাজার টাকা এবং কন্যাসন্তানের জন্য মাসে ২ হাজার টাকা করে দেওয়ার কথা বলা হয়।

এই নির্দেশকে আবার চ্যালেঞ্জ করে অভিযুক্ত এবং তাঁর পরিবারের সদস্যরা বম্বে হাই কোর্টের দ্বারস্থ হন। শুনানিতে অভিযুক্তের আইনজীবীর যুক্তি ছিল যে, শুধুমাত্র একসঙ্গে সময় কাটানো অথবা শারীরিক সম্পর্ক থাকলেই তাকে গার্হস্থ্য সম্পর্ক বলা যায় না। তিনি মামলাটিকে উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেন।

অন্যদিকে, তরুণীর পক্ষের আইনজীবী আদালতে জানান যে, দীর্ঘদিন সহবাস থেকে সন্তানের জন্ম পর্যন্ত এই সম্পর্ককে স্পষ্টভাবেই আইনের চোখে বৈবাহিক সম্পর্কের পর্যায়ে নিয়ে গেছে। ফলে গার্হস্থ্য হিংসা আইন প্রযোজ্য হওয়াটাই স্বাভাবিক।

দু'পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি এম এম নেরলিকারের বেঞ্চ জানায় যে, সম্পর্কের দীর্ঘতা, একসঙ্গে থাকার ধরন এবং সন্তানের উপস্থিতি- এই তিনটি বিষয় মিলেই সম্পর্ককে বিবাহের মতো হিসেবেই ধরা হয়। আদালত আরও মন্তব্য করে যে, শুধুমাত্র অন্য কাউকে বিয়ে করে আগের সম্পর্কের দায়িত্ব এড়ানো যায় না।

আদালত স্পষ্ট করে জানিয়েছে যে, এই পর্যায়ে যুবকের বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করা যাবে না। তবে অভিযুক্তের মা এবং বর্তমান স্ত্রীকে মামলার বাইরে রাখা হয়েছে।

আইন মহলের মতে, এই রায় লিভ-ইন সম্পর্ক এবং সেই সম্পর্ক থেকে জন্ম নেওয়া সন্তানের অধিকার নিয়ে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত তৈরি করল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+