দিল্লিতে জঙ্গি হামলার সতর্কবার্তার মাঝে পাঞ্জাব ও কাশ্মীরে আইইডি উদ্ধার, চরম সতর্কতায় নিরাপত্তা বাহিনী
পাঞ্জাব ও কাশ্মীরে আইইডি উদ্ধারের ঘটনায় নতুন করে উদ্বেগ ছড়াল নিরাপত্তা মহলে। দিল্লিতে সম্ভাব্য জঙ্গি হামলার ছক নিয়ে সতর্কবার্তা জারি করেছে নিরাপত্তা সংস্থাগুলি। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর ই তইবা এর নামে এই হুমকির ইঙ্গিত মিলতেই রাজধানীজুড়ে জারি হয়েছে উচ্চ সতর্কতা। যদিও পাঞ্জাব ও কাশ্মীরে উদ্ধার হওয়া বিস্ফোরকগুলির সঙ্গে দিল্লির হুমকির সরাসরি যোগসূত্র এখনও মেলেনি, তবু ঘটনাগুলির সময়কাল ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ।
শুক্রবার পাঞ্জাবের অমৃতসরের রাইয়া পুলিশ পোস্টের কাছে একটি সন্দেহজনক ব্যাগ উদ্ধার হয়। তল্লাশিতে জানা যায়, তার ভিতরে রয়েছে আইইডি। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় বোমা নিষ্ক্রিয়কারী দল। নিয়ম মেনে বিস্ফোরকটি নিষ্ক্রিয় করা হয়। স্থানীয় পুলিশ কর্তাদের দাবি, পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে।

একই দিনে কাশ্মীরের গান্দেরবাল জেলার সাফাপোরা এলাকাতেও আরেকটি আইইডি উদ্ধার হয়। সেনাবাহিনী ও জম্মু কাশ্মীর পুলিশের বোমা শনাক্তকারী দল দ্রুত ব্যবস্থা নিয়ে কয়েক ঘণ্টার মধ্যেই সেটি নিষ্ক্রিয় করে। গত এক সপ্তাহে উত্তর কাশ্মীরে এটি তৃতীয় আইইডি উদ্ধারের ঘটনা। তার আগের দিন তাংমার্গ রোড ও বারামুল্লাতেও বিস্ফোরক মিলেছিল।
এমন পরিস্থিতির মধ্যেই গোয়েন্দা সূত্রে খবর, লস্কর ই তইবা দিল্লির ধর্মীয় ও পর্যটনকেন্দ্রগুলিকে নিশানা করতে পারে। বিশেষ করে পুরনো দিল্লির চাঁদনি চক এলাকার একটি মন্দির সম্ভাব্য টার্গেট হতে পারে বলে আশঙ্কা। লালকেল্লা সংলগ্ন সংবেদনশীল এলাকাতেও আইইডি হামলার ছক থাকতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
প্রসঙ্গত, তিন মাস আগেই লালকেল্লা সংলগ্ন এলাকায় ভয়াবহ গাড়ি বিস্ফোরণে ১২ জনের মৃত্যু হয়, আহত হন অন্তত ২০ জন। সেই হামলার নেপথ্যে ছিল জঈশ ই মহম্মদ ও আনসার গাজওয়াত উল হিন্দ সমর্থিত একটি জঙ্গি মডিউল। সম্প্রতি রাষ্ট্রসংঘের সন্ত্রাসবাদ বিরোধী নজরদারি দলের রিপোর্টেও ওই ঘটনার সঙ্গে জইশের যোগের উল্লেখ করা হয়েছে।
গোয়েন্দা মহলের দাবি, ইসলামাবাদের একটি মসজিদে ৬ ফেব্রুয়ারির আত্মঘাতী বিস্ফোরণের 'বদলা' নিতেই হামলার ছক কষতে পারে লস্কর। যদিও সেই হামলার দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেট ।
সাম্প্রতিক সতর্কবার্তার জেরে দিল্লির গুরুত্বপূর্ণ মন্দির, বাজার ও ঐতিহাসিক স্থাপনায় নজরদারি জোরদার করা হয়েছে। রাজধানীতে নিরাপত্তা বলয় আরও কড়া করা হয়েছে, যাতে কোনও সম্ভাব্য নাশকতা আগেই প্রতিহত করা যায়।












Click it and Unblock the Notifications