বউ-এর কারণে স্বামীর রোজগারের ক্ষমতা নষ্ট? বিচ্ছেদে ভরণপোষণ পাবে না স্ত্রী, কী জানাল হাইকোর্ট?
স্বামীর রোজগারের ক্ষমতা যদি স্ত্রীর অথবা তাঁর পরিবারের কোনো কাজের কারণে নষ্ট হয়ে যায়, তাহলে সে ক্ষেত্রে স্ত্রী ভরণপোষণের দাবি করতে পারবেন না। ঠিক এমনই গুরুত্বপূর্ণ রায় দিল এলাহাবাদ হাইকোর্ট।

কুশীনগরের পারিবারিক আদালতের একটি রায় বহাল রেখে বিচারপতি লক্ষ্মীকান্ত শুক্লার বেঞ্চ জানিয়েছে যে, এই ধরনের পরিস্থিতিতে স্বামীকে ভরণপোষণ দিতে বাধ্য করলে তা চরম অবিচার হবে।
মামলার অভিযোগ অনুসারে, হোমিওপ্যাথি চিকিৎসক বেদ প্রকাশ সিংয়ের উপর তাঁর শ্যালক এবং শ্বশুর ক্লিনিকে ঝামেলার সময় গুলি চালায়। সেই হামলার কারণে তাঁর মেরুদণ্ডে গুলি ঢুকে যায়। এখনও শরীরে সেই গুলি রয়েই গেছে। চিকিৎসকদের মতে, অস্ত্রোপচার করলে পক্ষাঘাতের ঝুঁকি রয়েছে। এই কারণে তিনি স্বাভাবিকভাবে বসতে অথবা কাজ করতে পারছেন না।
এই অবস্থায় ওই ব্যক্তির স্ত্রী তাঁর কাছ থেকে ভরণপোষণের আবেদন করেন। তবে পারিবারিক আদালত গত ৭ মে, ২০২৫ তারিখে সেই আবেদন খারিজ করে দেয়। আদালতের মত ছিল যে, স্বামীর শারীরিক অক্ষমতা স্পষ্ট এবং তা স্ত্রীর পরিবারের অপরাধমূলক কাজেরই ফল।
আর এই রায়কে চ্যালেঞ্জ করেই স্ত্রী হাই কোর্টে যান। কিন্তু হাই কোর্টও পারিবারিক আদালতের সিদ্ধান্ত বহাল রাখে। আদালত জানায় যে, স্বামীর উপার্জনের ক্ষমতা নষ্ট হওয়ার পেছনে স্ত্রীর পক্ষের ভূমিকা থাকলে, সেই পরিস্থিতির সুযোগ নিয়ে কোনোভাবেই ভরণপোষণ দাবি করা যায় না।
আদালতের পর্যবেক্ষণ যে, সাধারণত স্বামীর উপর স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব থাকে। কিন্তু এই মামলাটিতে ব্যতিক্রমী পরিস্থিতি তৈরি হয়েছে। স্ত্রীর পরিবারের কারণেই স্বামী কর্মক্ষমতা হারিয়েছেন। তাই এই ক্ষেত্রে ভরণপোষণ দেওয়া হলে তা স্বামীর প্রতি গুরুতর অন্যায় হবে বলে মন্তব্য করে আদালত।












Click it and Unblock the Notifications