বিজেপির 'হুঙ্কার'-রাবড়ির চ্যালেঞ্জ, দুইয়ের সাঁড়াশি চাপে অস্বস্তিতে নীতিশ

রাবড়ি দেবী ইতিমধ্যেই নীতিশকুমারকে সরাসরি আক্রমণ করে বলেছেন, মোদীর বিহারে প্রবেশ আটকানোর ক্ষমতা বিহারের মুখ্যমন্ত্রীর নেই। রাবড়ির এই চ্যালেঞ্জকে অত্যন্ত গম্ভীরভাবে নিলেও আদতে কাজটা যে বেশ কঠিন তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন সংযুক্ত জনতা দলের এই প্রবীন নেতা।
গত জুনে ষড়যন্ত্র করে বিজেপি ও সংযুক্ত জনতা দলের জোট ভঙ্গ করায় নীতিশের সঙ্গে বিজেপির সম্পর্ক খাদের কিনারায় গিয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় আগামী ২৭ অক্টোবর পাটনার গান্ধী ময়দানে মোদীর 'হুঙ্কার সমাবেশ' যে আদতে সংযুক্ত জনতা দল তথা নীতিশের প্রতি বিজেপির বিদ্বেশ সমাবেশ তা আলাদা করে কাউকেই বুঝিয়ে বলতে হবে না।
লোকসভা নির্বাচনের প্রচার কমিটিতে মোদীকে রাখার সিদ্ধান্ত নিয়ে মনোমালিন্য হয় নীতিশ ও বিজেপি নেতৃত্বের মধ্যে। এই সিদ্ধান্তকে মানতে না পেরে জোট ছেড়ে বেরিয়ে আসেন নীতিশ। এই পরিস্থিতিতে স্বভাবতই পাটনায় বিজেপির সমাবেশ নিয়ে অস্বস্তিতে ছিল নীতিশ সরকার। রাবড়ি দেবীর চ্যালেঞ্জ সেই আগুনেই ঘি ঢেলেছে।
মূলত নীতিশকে কড়া বার্তা দিতেই রবিবারের সমাবেশকে চূড়ান্ত সফল করতে কোনও পন্থা অবলম্বনেই পিছপা হচ্ছে না বিজেপি।সূত্রের খবর অনুযায়ী, এই সমাবেশ পাটনায় অনুষ্ঠিত হওয়া সবচেয়ে বড় রাজনৈতিক সমাবেশগুলির মধ্যে অন্যতম হতে চলেছে। আসন্ন লোকসভা নির্বাচনে ভোটের নিরিখে বিহার অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য। জোটভঙ্গের পর সংযুক্ত জনতা দল শাসিত কেন্দ্র ঢুকে বিজেপির সফল সমাবেশ ভোট অঙ্ক অনেকটা বদলে দিতে পারে। একথা বুঝতে পেরে সমাবেশের জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে বিহারের বিজেপি নেতৃত্ব। এই কঠিন পরিস্থিত ঠাহর করতে পেরে ক্রমেই রক্তচাপ বাড়ছে নীতিশের। বিহারের বিজেপি নেতৃত্বের সাফ কথা, হুঙ্কার সমাবেশে মানুষের ভিড়ই বলে দেবে বিজেপির সঙ্গে জোটভঙ্গের জন্য নীতিশ সরকারের উপর কতটা বিরক্ত সাধারণ জনগণ।
'নমো' চা স্টলের সাফল্যের কথা মাথায় রেখে বিজেপির প্রধানমন্ত্রী পদের প্রার্থীকে এগিয়ে নিয়ে যেতে এবার মোদীর নামে জিলিপি বিতরণের কথা ভেবেছে শীর্ষ নেতৃত্ব। গান্ধী ময়দানে ২.৫ লক্ষ বর্গ ফুটের একটি তাবু তৈরি করা হয়েছে। বিজেপি সমর্থকদের জন্য ১১টি বিশেষ ট্রেন এবং ৩০০০টি বাস বুক করে রাখা হয়েছে। হুঙ্কার বার্তা ছড়িয়ে দিতে 'নমো হুঙ্কার' ও 'মোদী বনেঙ্গে পিএম' শীর্ষক দুটি সিডি বিতরণ করা হয়েছে বিনামূল্যে। রাজনৈতিক পর্যবেক্ষকদের কথায় রবিবার সমাবেশে নীতিশ সরকারের উন্নয়নের খতিয়ান নিয়েও কাটাছেঁড়া করতে পারেন মোদী। তাই রাবড়ির চ্যালেঞ্জ স্বীকার করে মোদীকে আটকানো তো দূরস্ত নিজের নামরক্ষার লড়াইয়েই মনোনিবেশ করতে হবে নীতিশকে।












Click it and Unblock the Notifications