কত বেতন পাবেন প্রধানমন্ত্রী মোদী? অন্য মন্ত্রী-সাংসদরা বেতন এবং অন্য সুযোগ সুবিধা কী পাবেন?
রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে অন্য মন্ত্রীরাও শপথ নেন। আর সোমবার বিকেলে মন্ত্রিসভার প্রথম বৈঠক বসে। তারপরেই ক্যাবিনেট মন্ত্রী ও অন্য মন্ত্রীদের মন্ত্রক প্রাপ্তির বিষয়টি প্রকাশিত হয়।
এই পরিস্থিতিতে অনেকেরই মনে প্রশ্ন আসে, তাহলে দেশের প্রধানমন্ত্রী এবং অন্য মন্ত্রী ও সাংসদের বেতন কত? তাঁরা কী কী সুবিধা পেয়ে থাকেন? তবে শুরুটা করা যাক প্রধানমন্ত্রীকে দিয়ে।

প্রধানমন্ত্রীর বেতন কত, কী কী সুবিধা পান
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাসে ১.৬৬ লক্ষ টাকা বেতন হিসেবে পাবেন। মূল বেতন ৫০ হাজার টাকার পাশাপাশি তিন হাজার টাকা ব্যয় ভাতা, ৪৫ হাজার টাকা সংসদীয় কেন্দ্রের ভাতা এবং দৈনিক দুই হাজার টাকা করে ভাতা পাবেন।
বেতন ছাড়াও প্রধানমন্ত্রী অন্য সুযোগ সুবিধা পেয়ে থাকেন। এর মধ্যে রয়েছে, সরকারি বাড়ি, এসপিজি নিরাপত্তা, সরকারি যানবাহন, বিমানে যাতায়াত, খাবার খরচ, ফ্রি টেলিফোন সংযোগ। আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে ভাড়া, থাকার জায়গা, খাবারের খরচও সরকার বহন করে থাকে।
অবসরের পরে পাঁচ বছর ধরে আবাসন, বিদ্যুৎ, জল ও এসপিজি নিরাপত্তা পান প্রধানমন্ত্রী। রয়েছে ট্যাক্স ফ্রি ভাতাও। এর মধ্যে রয়েছে ট্রেন ও বিমানে বিনামূল্যে ভ্রমণ, বিনামূল্যে বাড়ি, চিকিৎসা এবং অফিস খরচের জন্য বার্ষিক একলক্ষ টাকা।
মন্ত্রীদের বেতন ও সুযোগ-সুবিধা
ক্যাবিনেট মন্ত্রীরা বেতন হিসেবে মাসে পান একলক্ষ টাকা। এছাড়াও রয়েছে অন্য ভাতা এবং সুযোগ-সুবিধা। সরকারি বাসস্থান, সরকারি যানবাহন, অফিস স্টাফের মতো সুযোগ-সুবিধাও রয়েছে সেখানে।
বেতন ছাড়াও দিল্লিতে সরকারি বাসস্থান, ভ্রমণ ভাতা, গাড়ি, চালক এবং নিরাপত্তার সুবিধা। ১৫ হাজার টাকা করে পেয়ে থাকেন স্টেশনারি এবং ডাকের জন্য।
সাংসদদের বেতন ও সুযোগ-সুবিধা
যাঁরা লোকসভায় নির্বাচিত হয়েছেন, তাঁরা প্রতিমাসে বেতন হিসেবে পান একলক্ষ টাকা। বেতন ছাড়াও সাংসদরা দৈনিক ভাতা পান। যা প্রতি পাঁচবছর অন্ত বৃদ্ধি পায়। সংসদের অধিবেশন এবং কমিটির বৈঠকে যোগ দিতে সাংসদরা দৈনিক দুই হাজার টাকা করে পান। সড়ক পথে ভ্রমণের জন্য তারা প্রতি কিমিতে ১৬ টাকা করে পান। রয়েছে সরকারি বাসস্থান, বিদ্যুৎ ও টেলিফোনের খরচও।
সাংসদরা তাঁদের নির্বাচনী এলাকার জন্য ৪৫ হাজার টাকা এবং অফিস খরচের জন্য প্রতি মাসে ৪৫ হাজার টাকা করে পান। অবসর নেওয়ার পরে সাংসদরা প্রতি মাসে ২৫ হাজার টাকা করে পেনশন পান। সবার এবং পরিবারের অন্য সদস্যদের জন্য রয়েছে সেন্ট্রাল গর্ভমেন্ট হেলথ স্কিমের অধীনে বিনামূল্যে আজীবন চিকিৎসার সুযোগ। এছাড়াও রয়েছে ট্রেন ও বিমানে বিনামূল্যে টিকিট, যদিও তার নির্দিষ্ট সীমা রয়েছে।












Click it and Unblock the Notifications