বারাণসীতে মোদীর বিরুদ্ধে প্রার্থী দিল হিন্দু মহাসভা! কিন্নর প্রার্থীর 'বড়' চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীকে
ডানপন্থী সংগঠন হিন্দু মহাসভা প্রার্থী দিল নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। কিন্নর মহামণ্ডলেশ্বর হিমাঙ্গি সখী এবারের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বারাণসী থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বারাণসী-সহ উত্তর প্রদেশের কুটিটি আসনে এবার প্রার্থী দিয়েছে হিন্দু মহাসভা।
বারাণসী থেকে কিন্নর মহামণ্ডলেশ্বর হিমাঙ্গি সখী ছাড়াও হিন্দু মহাসভা প্রার্থী দিয়েছে লখনৌ, গাজিয়াবাদ, আগ্রা, ফতেপুর, প্রয়াগরাজ, গোরক্ষপুর, গৌতম বুদ্ধনগরেও। সীতাপুর থেকে তারা প্রার্থী করেছে ঋষি ত্রিবেদীকে। লখনৌ থেকে অশ্বিনীকুমার শ্রীবাস্তব, দেওরিয়া অশোক শ্রীবাস্তব, বাগপত থেকে পূজা, মির্জাপুর থেকে মৃত্যুঞ্জয় সিং, সন্ত কবীর নগর থেকে রমাকান্ত পাণ্ডে, গোন্ডা থেকে ঋষভ শ্রীবাস্তব, বালিয়া থেকে রাজু শ্রীবাস্তব।

হিন্দু মহাসভা গাজিয়াবাদ থেকে প্রার্থী করেছে শচিন পুরান চৌধুরীকে। গৌতমবুদ্ধ নগর থেকে প্রার্থী রণবীর চৌধুরী, ফলেপুর থেকে কান্তাপ্রসাদ দ্বিবেদী, উন্নাও থেকে উমেশ বাজপেয়ী, গোরক্ষপুর থেকে সুধাংশু সিং শ্রীবাস্তব এবং ডুমারিয়াগঞ্জ থেকে দিবাকর বিক্রম সিংকে প্রার্থী করেছে অখিল ভারত হিন্দু মহাসভা। এছাড়াও বান্দা-চিত্রকূট, প্রয়াগরাজ, আগ্রা ও আজমগড় থেকে প্রার্থী করা হয়েছে যথাক্রমে নবীন কুমার উপাধ্যায়, সঞ্জয় শ্রীবাস্তব, অনিকেত আগরওয়াল এবং পুনম চৌবেকে।
হিমাঙ্গি সখী হলেন, বিশ্বের প্রথম নপুংশক মহামণ্ডলেশ্বর যিনি শ্রীকৃষ্ণের ভক্ত। মুম্বইতে বাড়ির কাছে ইসকন মন্দির থেকে তাঁর কৃষ্ণ ভক্তির শুরু। সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, হিমাঙ্গি সখী বলেছেন, তিনি হিজড়া সম্প্রদায়কে তাদের অধিকার ও সম্মান দেওয়ার জন্য ভোটের ময়দানে নেমেছেন।
তিনি আরও বলেছেন, প্রধানমন্ত্রীর বেটি বাঁচাও-বেটি পড়াও ভাল স্লোগান, কিন্তু কিন্নর বাঁচাও-কিন্নর পড়াও-এর প্রয়োজনীয়তা তিনি বোঝেননি। লোকসভা, বিধানসভা ও পঞ্চায়েতে হিজরা সম্প্রদায়ের জন্য আসন ও চাকরি সংরক্ষণের দাবি তুলেছেন, যাতে তাঁরা সব জায়গায় প্রতিনিধিত্ব করতে পারে।












Click it and Unblock the Notifications