Heat wave: আগামী ৬ দিন তাপপ্রবাহের আশঙ্কা, আরও চড়বে তাপমাত্রা, দিল্লিতে লাল সতর্কতা জারি!
দিল্লিতে আগামী ৬ দিন তাপপ্রবাহের (Delhi heatwave) সম্ভাবনা রয়েছে, শুক্রবার এমনই পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ। আবহাওয়া দফতর (IMD) সূত্রে খবর, দিল্লি এবং উত্তর ভারতের বেশ কয়েকটি অংশে তীব্র তাপপ্রবাহের জন্য লাল সতর্কতা (red alert) জারি করেছে। ইতিমধ্যেই আবহাওয়া দফতর সতর্ক করে দিয়েছে যে, ১০ এপ্রিলের মধ্যে দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে, যা রাজধানীর জন্য তীব্র তাপপ্রবাহের ইঙ্গিত দিচ্ছে।
তবে তাপপ্রবাহ কেবল দিল্লিতেই (Delhi) সীমাবদ্ধ নয়। দক্ষিণ হরিয়ানা, পশ্চিম উত্তর প্রদেশ, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, গুজরাট, রাজস্থান এবং পশ্চিম মধ্য প্রদেশ সহ একাধিক অঞ্চলগুলিতেও তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। মৌসম ভবনের পূর্বাভাস মতে, মধ্য এবং উত্তর-পশ্চিম ভারতের অনেক জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে, যা চরম আবহাওয়া পরিস্থিতিকে আরও বাড়িয়ে তুলতে পারে।

দিল্লিতে আগামীকাল অর্থাৎ ৬ অথবা ৭ এপ্রিলের মধ্যে কিছু কিছু এলাকায় দিনের তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছনোর পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে তাপপ্রবাহও বেশ কয়েক দিন ধরে চলার সম্ভাবনা রয়েছে। যা তীব্রতর পরিস্থিতি তৈরি করবে। রাজস্থান, গুজরাট, হরিয়ানা, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা, ছত্তিশগড়, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক ও তামিলনাড়ুর উত্তরাঞ্চলে পরিস্থিতি আরও তীব্র হতে পারে। এসব জায়গায় স্বাভাবিকের চেয়ে বেশি তাপপ্রবাহের দিন থাকতে পারে।
এদিকে উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং ওড়িশার পূর্বাঞ্চলগুলি উদ্বেগজনক পরিস্থিতিতে রয়েছে। আইএমডির পূর্বাভাসে বলা হয়েছে, এসব জায়গায় ১০ থেকে ১১টি তাপপ্রবাহের দিন হতে পারে। জনগণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে। এই সময় প্রচুর পরিমাণে জল পান করতে হবে, সকাল ১১টা থেকে বিকাল ৪টে পর্যন্ত বাইরের কার্যকলাপ এড়ানোর কথা বলা হয়েছে।
এছাড়াও আইএমডি বয়স্ক, শিশু এবং আগে থেকে স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন এমন দুর্বল মানুষদের যতটা সম্ভব বাড়ির ভিতরে থাকার পরামর্শ দিয়েছে। প্রসঙ্গত, গত বছরের তুলনায় চলতি বছরে তাপপ্রবাহের সংখ্যা দ্বিগুণ হওয়ার সতর্কবার্তা আগেই জারি করেছে মৌসম ভবন। যে সব অঞ্চলে গরমের মাসগুলিতে ৫-৬টি তাপপ্রবাহ হয়, এবছর সেই সংখ্যা বেড়ে ১০-১২ হতে পারে বলে ইতিমধ্যই জানিয়েছে মৌসম ভবন। এই পরিস্থিতি সম্পর্কে সমস্ত রাজ্যগুলিকে অবহিত করার পাশাপাশি তাদের প্রস্তুত থাকার পরামর্শও দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications