ভয়ঙ্কর! ৫০ নম্বর পর্যন্ত সংখ্যা লিখতে না পারার জন্য মেয়েকে হত্যা করল বাবা, গ্রেফতার অভিযুক্ত
বাবার কাছে পড়তে বসেই ঘটল ভয়াবহ কাণ্ড! ৫০ পর্যন্ত সংখ্যা লিখতে না পারার কারণে চার বছরের মেয়েকে মারধর করে খুন করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ফরিদাবাদে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, অভিযুক্তের নাম কৃষ্ণ জয়সওয়াল। বয়স ৩১ বছর। সেক্টর ৫৮ থানায় অভিযোগ দায়েরের পর তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাঁকে আদালতে পেশ করা হলে একদিনের পুলিশ হেফাজতের নির্দেশও দেওয়া হয়।
অভিযুক্ত ওই ব্যক্তি উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার খেরাটিয়া গ্রামের বাসিন্দা। তিনি ফরিদাবাদে ভাড়া বাড়িতে স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে থাকতেন। দম্পতি দু'জনেই বেসরকারি সংস্থায় কাজ করতেন। স্ত্রী দিনের বেলায় অফিসে থাকতেন, আর বাড়িতে থেকে সন্তানদের দেখাশোনা করতেন কৃষ্ণ।
পুলিশ জানিয়েছে যে, ২১ জানুয়ারি মেয়েকে ১ থেকে ৫০ পর্যন্ত সংখ্যা লিখতে বলেন অভিযুক্ত। মেয়েটি ঠিক ভাবে লিখতে না পাড়ার কারণে তিনি রেগে গিয়ে মারধর করেন বলে অভিযোগ। সেই মারধরের কারণে গুরুতর ভাবে জখম হয়ে শিশুটির মৃত্যু হয়।
সন্ধ্যায় কাজ থেকে ফিরে স্ত্রী মেয়েকে অচেতন অবস্থায় দেখতে পান। তারপরেই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ঘটনায় মামলা রুজু করা হয়েছে। সেইসঙ্গে পুরো বিষয়টি খতিয়েও দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications