Modi Lex Fridman Podcast: "বিরোধীরা দোষী প্রমাণ করতে চেয়েছিল," গোধরা দাঙ্গা নিয়ে মুখ খুললেন নরেন্দ্র মোদী
Modi Lex Fridman Podcast: মার্কিন বিজ্ঞানী লেক্স ফ্রিডম্যানের সঙ্গে পডকাস্টে আলোচনায় গোধরাকাণ্ড নিয়ে মুখ খুললেন মোদী। নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করলেন প্রধানমন্ত্রী। রবিবার প্রকাশিত লেক্স ফ্রিডম্যানের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পডকাস্ট। প্রায় তিন ঘণ্টা ধরে কথোপকথন হয়েছে দুই পক্ষের। জমাটি আড্ডায় উঠে এসেছে নানা দেশীয়, আন্তর্জাতিক নানা প্রসঙ্গ। আর সেখানেই এবার গোধরাকাণ্ড নিয়ে স্মৃতিচারণা মোদীর।
২০০২ সালে গুজরাটের গোধরায় সবরমতী এক্সপ্রেসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। দাহ্য বস্তু ছুড়ে মারা হয়। ঘটনায় ৫৯ জন করসেবকের মৃত্যু হয়েছিল। এরপর গুজরাটজুড়ে দাঙ্গা হয়েছিল। অভিযোগ উঠেছিল, তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর উসকানিতেই দাঙ্গা ভয়াবহ আকার নেয়। যদিও পরে সুপ্রিম কোর্টের তরফে ক্লিনচিট পান মোদী। লেক্স ফ্রিডম্যানের সঙ্গে সাক্ষাৎকারে সেই দাঙ্গা নিয়েই এবার মুখ খুললেন মোদী।

তিনি আসার অনেক আগে থেকেই গুজরাটে অশান্তি লেগেই থাকত বলে জানান মোদী। তাঁর দাবি, গুজরাটে প্রায় প্রতি বছরই দাঙ্গা হত। কিন্তু ২০০২ সালের পর থেকে সেখানে কোনও সাম্প্রদায়িক অশান্তি হয়নি। তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন মোদী। কেন্দ্রে ক্ষমতায় ছিল তাঁর বিরোধী ইউপিএ। পডকাস্টে মোদীর কথা অনুযায়ী, কোর্টে ক্লিনচিট পাওয়ার পরেও গোধরাকাণ্ড নিয়ে কেন্দ্রীয় সরকার ইচ্ছে করে তাঁর বিরুদ্ধে মিথ্যে ন্যারেটিভ খাঁড়া করার চেষ্টা চালিয়েছিল।
প্রধানমন্ত্রী বলেন, "কেন্দ্রে বিরোধীরা ক্ষমতায় ছিল। আর তাই স্বাভাবিকভাবেই ওরা চাইত আমাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড় আনতে। বিনা দোষ শাস্তি চেয়েছিল ওরা। কিন্তু ওদের এত অপচেষ্টা সত্ত্বেও আদালতে নিস্তার মিলেছিল। সম্পূর্ণ নির্দোষ প্রমাণ হয়েছিলাম আমরা। গুজরাটের দাঙ্গা এমন একটা সময়ে হয়েছিল, যখন চারিদিকে সন্ত্রাসের আবহ ছিল।" এরপরই ইউপিএ সরকারের শাসনকালে হওয়া একের পর এক জঙ্গি হামলার কথা টেনে আনেন মোদী।
মোদী বলেন, "কান্দাহার হাইজ্যাকিং থেকে শুরু করে সংসদে হামলা হোক বা ৯/১১ এর ঘটনার মাঝেই গুজরাটে জ্যান্ত পুড়িয়ে দেওয়ার ঘটনা। সত্যিই ভাবা যায় না। গোটা দেশেই ভয়ের পরিবেশ ছিল। নিউ ইয়র্কের টুইন টাওয়ারে হামলা থেকে শুরু করে ২০০১ সালে জম্মু কাশ্মীরের বিধানসভায় হামলা, মাত্র ৮ থেকে ১০ মাসের মধ্যে একের পর এক ঘটনা ঘটেছিল।" তাঁর বিধানসভায় প্রবেশের মাত্র তিনদিনের মাথায় গুজরাটের দাঙ্গার ঘটনা ঘটে বলেও জানান মোদী।












Click it and Unblock the Notifications