Budget 2023: ট্যাক্স ছাড় থেকে সাশ্রয়ী মূল্যের আবাসন! কেন্দ্রীয় বাজেটে সাধারণের প্রত্যাশা একনজরে
Budget 2023: ট্যাক্স ছাড় থেকে সাশ্রয়ী মূল্যের আবাসন! কেন্দ্রীয় বাজেটে সাধারণের প্রত্যাশা একনজরে
টানা পঞ্চমবারের জন্য ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তবে তার আগে ব্যক্তি পর্যায় থেকে বিভিন্ন সংস্থা, নানা দাবি উঠেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সামনে। এব্যাপারে মন্ত্রী বলেছেন, তিনি মধ্যবিত্ত, ফলে তিনি সেই চাপ বুঝতে পারেন।

সাধারণ মানুষের প্রত্যাশা
সাধারণ মানুষ, বিশেষ করে মধ্যবিত্তরা এখনও বাজেট নিয়ে বেশ কিছু আশা করছেন। তাঁরা চাইছেন আয়করের সীমা যেন বাড়ানো হয়। তাতে তাঁরা কিছুটা হলেও সুবিধা পাবেন। বাজেটে কর্মসংস্থান তৈরির দাবিও তুলেছেন মধ্যবিত্তরা। কোভিড মহামারী দেশে স্বাস্থ্যবিমার প্রয়োজনীয়তা সামনে এনেছে। সেই কারণে ৮০ডি ধারায় কর ছাড়ের সীমা বাড়ানোর দাবি করা হয়েছে। এছাড়াও স্বাস্থ্য বিমার ওপরে যাতে কম জিএসটি রাখা হয়, তার দাবিও উঠেছে সাধারণের তরফে।
এছাড়াও সাধারণ মানুষ আশা করছেন সাশ্রয়ী মূল্যের আবাসন ক্রত করতে সুবিধা বৃদ্ধির। এক্ষেত্রে হোম লোনে আরও ছাড়ের দাবিও উঠেছে। জীবনযাত্রায় ক্রমবর্ধমান ব্যয় নিয়ন্ত্রণ করতে মুদ্রাস্ফীতি হ্রাসের জন্য ব্যবস্থাগ্রহণের দাবিও করেছে সাধারণ মানুষ।

গ্রামীণ ও পরিকাঠামোর বৃদ্ধির দাবি
সাধারণের দাবির বাইরে অর্থনীতির আরও ক্ষেত্র রয়েছে, যেখানে নানা ধরনের চাহিদা রয়েছে। বাজেটে যাতে গ্রামীণ এবং পরিকাঠামো ক্ষেত্রে ব্যয় বাড়ানো হয়, সেই দাবিও তোলা হয়েছে। কৃষিতে ব্যয় আগের বছরের তুলনায় অন্তত ১৫ শতাংশ বৃদ্ধির দাবি করেছেন বিশেষজ্ঞরা।

বাজেট অধিবেশন শুরু ৩১ জানুয়ারি
সংসদের বাজেট অধিবেশন শুরু হবে ৩১ জানুয়ারি। এই অধিবেশন শেষ হবে ৬ এপ্রিল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ১ ফেব্রুয়ারি ২০২৩-২৪ সালের বাজের পেশ করবেন। ২০২৪-এর নির্বাচনের আগে এটাই হবে শেষ পূর্ণাঙ্গ বাজেট।

সাধারণের চাপ নিয়ে সচেতন মন্ত্রী
কেন্দ্রীয় অর্থমন্ত্রী সাধারণ মানুষের চাপ নিয়ে সচেতন। তিনি আরএসএস-এর এক অনুষ্ঠানে বলেছেন, নিজে মধ্যবিত্ত। সেই কারণে একটি মধ্যবিত্ত পরিবার কী চাপে থাকে, তা তিনি বুঝতে পারেন। তবে একইসঙ্গে তিনি জানিয়ে দেন, মোদী সরকার সাধারণ মানুষের ওপরে বাড়তি কোনও করের বোঝা চাপায়নি। একথা বলতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী কার্যত করের ঊর্ধসীমা যে বাড়ানো হবে না, তার ইঙ্গিত করে দিয়েছেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
পরিকাঠামোর উন্নয়ন প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, সারা দেশে ২৭ টি মেট্রো রেলের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পদক্ষেপ নেওয়া হয়েছে। কেননা মধ্যবিত্ত মানুষ সব থেকে বেশি গণপরিবহণ ব্যবহার করেন। তবে মন্ত্রী ইঙ্গিত করেছেন, সরকার মধ্যবিত্তের জন্য আরও কিছু করতে পারে। কেননা পরের বছরেই রয়েছে সাধারণ নির্বাচন। সেখানেই তৃতীয়বার প্রধানমন্ত্রী পদের জন্য লড়াইয়ে নামবেন নরেন্দ্র মোদী।












Click it and Unblock the Notifications