মণিপুরে ফিরছে শান্তি, ‘৮ মার্চ থেকে মানুষের অবাধ চলাচল’, ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
নয়াদিল্লিতে বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ মণিপুরের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে এক উচ্চ পর্যায়ের বৈঠক সারেন। বৈঠকে তিনি নির্দেশ দেন, ৮ মার্চ ২০২৫ থেকে মণিপুরের সমস্ত রুটে মানুষের অবাধ চলাচল নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিনি কঠোরভাবে জানিয়ে দেন, যারা রাস্তায় বাধা সৃষ্টি করছে বা জনসাধারণের চলাচলের পথে বাধা দিচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মণিপুরের আন্তর্জাতিক সীমান্ত বরাবর নির্ধারিত প্রবেশপথের উভয় পাশে দ্রুততার সঙ্গে বেড়া দেওয়ার কাজ সম্পন্ন করতে হবে। এছাড়া, মণিপুরকে মাদকমুক্ত করতে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত সম্পূর্ণ নেটওয়ার্ক ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকটি শুরু হয় সকাল ১১:০০ টায়, নর্থ অ্যাভিনিউতে। ২০২৩ সালের মে মাস থেকে জাতিগত সংঘাতের কবলে থাকা মণিপুরে রাষ্ট্রপতি শাসন কার্যকর হওয়ার পর এটি ছিল প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক।
সূত্র মারফত জানা যায়, অশান্ত মণিপুরে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা এবং অবৈধ ও লুটপাট করা অস্ত্র পুনরুদ্ধারের ওপর বেশি জোর দেওয়া হয়।
নয়াদিল্লির এই বৈঠকে উপস্থিত ছিলেন - মণিপুরের রাজ্যপাল অজয় ভাল্লা, মণিপুর সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর প্রতিনিধিরা।
এই প্রসঙ্গে, একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, "স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার মণিপুরের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করবেন। রাজ্যপাল অজয় কুমার ভাল্লা, মণিপুর সরকারের শীর্ষ কর্মকর্তারা, সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর সদস্যরা বৈঠকে উপস্থিত থাকবেন"।
গত ১৩ ফেব্রুয়ারি, মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়, এন. বীরেন সিং মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পর। এই সিদ্ধান্তের ফলে, ২০২৭ সাল পর্যন্ত রাজ্য বিধানসভার কার্যকাল স্থগিত রাখা হয়েছে। রাষ্ট্রপতি শাসন কার্যকর হওয়ার পর, ২০ ফেব্রুয়ারি রাজ্যপাল অজয় ভাল্লা অবৈধ অস্ত্রধারীদের আত্মসমর্পণের জন্য সময় বেঁধে দেন। ফলস্বরূপ, মাত্র সাত দিনের মধ্যে ৩০০-রও বেশি অবৈধ অস্ত্র সমর্পণ করা হয়েছে, মূলত মণিপুরের উপত্যকা জেলাগুলি থেকে।
মণিপুরে শান্তি পুনঃপ্রতিষ্ঠা ও আইন-শৃঙ্খলা স্বাভাবিক করার লক্ষ্যে ভারত সরকার আরও কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, সীমান্ত সুরক্ষা জোরদার করা ও অবৈধ অস্ত্র উদ্ধারের মাধ্যমে রাজ্যের অস্থিরতা কমানোর চেষ্টা চালানো হচ্ছে।












Click it and Unblock the Notifications