নতুন ইতিহাস গড়তে চলেছে রাষ্ট্রপতি ভবন, এই প্রথমবার সেখানে বসতে চলেছে বিবাহ আসর
নয়াদিল্লির ঐতিহাসিক রাষ্ট্রপতি ভবন আজ এক অনন্য ঘটনার সাক্ষী হতে চলেছে। প্রথম বারের মতো এই মর্যাদাপূর্ণ স্থানে একটি বিবাহ অনুষ্ঠান আয়োজিত হচ্ছে।
১২ ফেব্রুয়ারি, রাষ্ট্রপতি ভবনের মাদার টেরেসা ক্রাউন কমপ্লেক্সে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে দুই কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF) কর্মকর্তার শুভ বিবাহ সম্পন্ন হবে।

বর ও কনে: দুই সিআরপিএফ কর্মকর্তা
এই ঐতিহাসিক অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন সিআরপিএফ-এর ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা (PSO) পুনম গুপ্তা এবং সহকারী কমান্ড্যান্ট অবনীশ কুমার, যিনি বর্তমানে জম্মু ও কাশ্মীরে কর্মরত রয়েছেন।
পুনম গুপ্তা এই বিবাহের মাধ্যমে রাষ্ট্রপতি ভবনে বিয়ে করা প্রথম ব্যক্তি হিসেবে ইতিহাস তৈরি করবেন। তিনি ৭৪তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রথমবারের মতো সিআরপিএফের সম্পূর্ণ মহিলা দলকে নেতৃত্ব দিয়ে দেশের গর্ব বৃদ্ধি করেছিলেন। আর এবার আরও এক ইতিহাস গড়তে চলেছেন তিনি।
নিরাপত্তার বেষ্টনীতেই সম্পন্ন হবে বিয়ের অনুষ্ঠান
যা জানা যাচ্ছে, রাষ্ট্রপতি ভবনের কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে সম্পন্ন হবে এই বিবাহ অনুষ্ঠান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজেই পুনম গুপ্তার কর্মনিষ্ঠা এবং সিআরপিএফের প্রতি তার অবদানকে সম্মান জানিয়ে রাষ্ট্রপতি ভবনে বিয়ের অনুমোদন দিয়েছেন।
এবার জেনে নিন কে এই পুনম গুপ্তা?
মধ্যপ্রদেশের বাসিন্দা পুনম গুপ্তা একাধিক শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন। গণিতে স্নাতক, ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর এবং শিক্ষায় স্নাতক (B.Ed.) ডিগ্রি থাকা এই মেধাবী অফিসার ২০১৮ সালে ইউপিএসসি সিএপিএফ পরীক্ষায় সর্বভারতীয় রযাঙ্ক ৮১ অর্জন করেছিলেন। এর পর থেকে তিনি নকশাল-প্রভাবিত অঞ্চলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করেছেন। পুনম নিজেও রাষ্ট্রপতির কাছে খুব পছন্দের মানুষ। তাঁর দেশের প্রতি তাঁর দায়িত্ববোধ দেখে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে বিশেষ নজরেই দেখেন। তাই রাষ্ট্রপতির অনুমোদনেই রাষ্ট্রপতি ভবনের অন্দরে আয়োজিত হচ্ছে এই বিয়ের অনুষ্ঠান।
বিশিষ্ট ব্রিটিশ স্থপতি স্যার এডউইন লুটিয়েন্সের নকশাকৃত রাষ্ট্রপতি ভবন ভারতের অন্যতম স্থাপত্য নিদর্শন। ৩০০ একর জায়গা জুড়ে বিস্তৃত এই বিশাল ভবনে ৩৪০টি কক্ষ রয়েছে, যা এটিকে বিশ্বের অন্যতম বৃহত্তম রাষ্ট্রপ্রধানের বাসভবনে পরিণত করেছে।
বহু আন্তর্জাতিক বিশিষ্ট ব্যক্তিত্ব রাষ্ট্রপতি ভবনে অতিথি হিসেবে এসেছেন, তবে এই প্রথমবার এই ঐতিহাসিক স্থানে কোনো বিবাহের আয়োজন করা হল। আজকের এই ঘটনাটি রাষ্ট্রপতি ভবনের ইতিহাসে এক নতুন অধ্যায় সংযোজন করল বলে দাবি করছেন অনেকেই।












Click it and Unblock the Notifications