নতুন তিন ফৌজদারি আইনের বিরুদ্ধে পথে নামছেন কৃষকরা! ১৫ অগাস্ট হবে ট্রাক্টর মার্চ
তিনটি নতুন ফৌজদারি আইনের বিরুদ্ধে পথে নামার পরিকল্পনা কৃষকদের। দিল্লির দিকে পদযাত্রার প্রস্তুতি। কিষাণ মজদুর মোর্চা এবং ইউনাইটেড কিষাণ মোর্চা তাদের কর্মসূচির কথা ঘোষণা করেছে। পনেরোই অগাস্ট স্বাধীনতা দিবসে সারা দেশে কৃষকরা ট্রাক্টর মিছিল করবেন।
সাংগু ও শম্ভু-সহ দিল্লির সীমানায় পৌঁছতে কৃষকদের কাছে আবেদন করা হয়েছে। ট্রাক্টর মিছিলের পাশাপাশি কৃষকরা ফৌজদারি আইনের কপিও পোড়াবেন বলে ঘোষণা করা হয়েছে কৃষক সংগঠনগুলির তরফে।

কর্মসূচি ঘোষণা কৃষক সংগঠনগুলির
কৃষক সংগঠনগুলি জানিয়েছে, পয়লা অগাস্ট তারা মোদী সরকারের বিরুদ্ধে কর্মসূচি নিয়েছে। পাশাপাশি ন্যূনতম সমর্থন মূল্যের আইনি গ্যারান্টির দাবিতে জেলা সদরে বিক্ষোভও করবে। কৃষক সংগঠনগুলি সরকারের নীতির বিরোধিতা করতে সারা দেশের কৃষকদের কাছে আবেদন জানিয়েছে। কয়েক মাসের রেশন নিয়ে কৃষকদের শম্ভু সীমান্তে আসতে আবেদন করা হয়েছে।
শম্ভুতে অবস্থান
এদিকে দীর্ঘদিন ধরেই শম্ভু সীমান্তে অবস্থান করছেন কৃষকরা। ৩১ অগাস্ট তাদের ২০০ দিন পূর্ণ হবে। কৃষক সংগঠনগুলি ওই দিন সব কৃ,কদের কাছে পৌঁছনোর আবেদন করেছে। পনেরোই সেপ্টেম্বর হরিয়ানার জিন্দে এবং ২২ সেপ্টেম্বর পিপলিতে কৃষক সমাবেশের আয়োজন করা হয়েছে।
এদিকে কৃষক সংগঠনগুলি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্রের জামিন পাওয়ার সমালোচনা করেছে। আশিস মিশ্রের বিরুদ্ধে উত্তর প্রদেশের লখিমপুরে কৃষ্কদের ওপর দিয়ে গাড়ি চালানোর অভিযোগ রয়েছে।
সরকারই অবরোধ করেছে
অন্যদিকে, পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট তাদের রায়ে এক সপ্তাহের মধ্যে শম্ভু সীমান্ত খুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল যার মেয়াদ গত ১৭ জুলাই শেষ হয়ে গিয়েছে। হাইকোর্ট বলে অবরোধের ফলে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। তবে তার আগেই হরিয়ানা সরকার সুপ্রিম কোর্টে বিষয়টি উত্থাপন করে। এব্যাপারে কৃষক নেতারা বলছেন, সরকারই রাস্তা অবরোধ করেছে, কৃষকরা নয়।
প্রসঙ্গত, গত ১৩ ফেব্রুয়ারি পঞ্জাবের কৃষকরা এমএসপির আইনি গ্যারান্টির দাবি-সহ বারোটি দাবি নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দেয়। পথে হরিয়ানা সরকার পাতিয়ালা ও আম্বালার মধ্যে শম্ভু সীমান্তে তাদের পথ বন্ধ করে দেয়। তারপর থেকে শম্ভু সীমান্তে অবস্থান করছেন কৃষকরা।












Click it and Unblock the Notifications