তিনবার বিষ প্রয়োগেও ব্যর্থ, এক লক্ষ টাকায় ভাড়াটে খুনি দিয়ে স্ত্রীকে খুনের ছক
মহারাষ্ট্রে চাঞ্চল্যকর খুনের ঘটনা। স্ত্রীর প্রাণ নেওয়ার জন্য একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হওয়ার পর শেষ পর্যন্ত ভাড়াটে খুনি দিয়ে হত্যার ছক কষলেন স্বামী। এমনকি ঘটনাটিকে দুর্ঘটনা বলে প্রমাণ করার জন্য সাজানো হয়েছিল গোটা পরিকল্পনা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহারাষ্ট্রের বুলধানার বাসিন্দা প্রকাশ গাওয়ান্ডে প্রথমে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে স্ত্রীকে হত্যার চেষ্টা করেছিলেন। একবার নয়, টানা তিন বার এমন চেষ্টা করেও সফল হননি তিনি। এরপরই অন্য পথ বেছে নেন অভিযুক্ত। স্ত্রীকে সরিয়ে দিতে 'সুপারি কিলার' ভাড়া করার সিদ্ধান্ত নেন। অভিযোগ, এক লক্ষ টাকার বিনিময়ে ভাড়াটে খুনি ঠিক করা হয়।

ঘটনাটি ঘটে ২ মার্চ। ওই দিন স্কুটারে করে যাচ্ছিলেন পেশায় শিক্ষিকা ওই মহিলা। আচমকাই একটি গাড়ি এসে তাঁর স্কুটারকে ধাক্কা মারে। ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়েন ও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। প্রথমে বিষয়টি সড়ক দুর্ঘটনা বলেই মনে করেছিল পুলিশ।
তবে তদন্তে নেমে ধীরে ধীরে সামনে আসে অন্য ছবি। ঘাতক গাড়ির চালককে চিহ্নিত করে পুলিশ। মণীশ সূর্যবংশী নামে ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি খুনের ষড়যন্ত্রের কথা স্বীকার করেন। তদন্তকারীরা জানতে পারেন, এই পরিকল্পনায় মধ্যস্থতাকারী হিসেবেও ছিলেন আরও এক ব্যক্তি। প্রকাশ গাওয়ান্ডে নাকি মঙ্গেশ চুলকার নামে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা দেন, আর তিনিই মণীশকে দিয়ে এই 'দুর্ঘটনা' ঘটান।
ঘটনার পর পুলিশ প্রকাশ গাওয়ান্ডে, মণীশ সূর্যবংশী ও মঙ্গেশ চুলকার এই তিন জনকেই গ্রেপ্তার করেছে। তাঁদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। আদালতে তোলা হলে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।
কেন এমন নৃশংস পরিকল্পনা? প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তিই এই হত্যার মূল কারণ হতে পারে। তবে গোটা ঘটনার নেপথ্যের আসল কারণ জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।












Click it and Unblock the Notifications