Manipur Attack: হঠাৎ দেখলাম দুটো আকাশে দুটো ড্রোন উড়ছে! মণিপুরে জঙ্গিদের হাতে এবার 'ভয়ঙ্কর অস্ত্র'?
Manipur Attack: নতুন করে ফের উত্তপ্ত মণিপুর। সদ্য শান্তিচুক্তি হয়েছে সে রাজ্যে। আর এর মধ্যেই ফের একবার হিংসার ঘটনা। অতর্কিত জঙ্গি হামলায় মৃত এক। আহত কমপক্ষে ৯ জন। ঘটনায় এক শিশুও আহত হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। ঘটনার পরেই নতুন করে মণিপুর হাই অ্যালার্ট জারি করা হয়েছে।
সমস্ত নিরাপত্তা এজেন্সি এবং পুলিশ প্রশাসনকে সতর্ক করা হয়েছে বলে জানা যাচ্ছে। এমনকি একটা অংশে কার্ফুও জারি করা হয়েছে বলে বেশ কিছু সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। বলে রাখা প্রয়োজন, জাতিগত হিংসায় দীর্ঘ সময় ধরে উত্তপ্ত থেকেছে মণিপুর (Manipur Attack) ।

শতাধিকেরও বেশি মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত বহু মানুষ রাত কাটান ক্যাম্পে। সংঘাতে মাথার উপর ছাদটকুও চলে গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে দিনের পর দিন ইন্টারনেট সহ একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়। এমনকি জারি থাকে কার্ফুও। যদিও ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হচ্ছে।
আর এর মধ্যেই ফের একবার উত্তপ্ত মণিপুর। নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। রাজধানী ইম্ফলের কাছে কাংচুপের (Kangchup region) কুট্রুক (Koutruk) এর কাছে এই হামলার ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে। আর এই ঘটনার মধ্যেই চাঞ্চল্যকর দাবি স্থানীয় মানুষজনের।
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গ্রামের মানুষজন জানিয়েছেন, তারা হঠাত করেই একাধিক ড্রোন উড়তে দেখতে পান। আর সেগুলির মাধ্যমেই গ্রামের মধ্যে একের পর এক বোমা ছোঁড়া হয়েছে বলে দাবি। বাড়ি লক্ষ্য করে বোমাগুলিকে নিক্ষেপ করা হয়েছে বলেও দাবি স্থানীয় মানুষজনের। যার ফলে একের পর এক বাড়িতে দাউ দাউ করে আগুন ধরে যায়। অন্যদিকে জঙ্গিদের ছোঁড়া গুলিতে মর্মান্তিক মৃত্যু হয় একজনের।
জানা যাচ্ছে, তিনি একজন মহিলা। ঘটনায় গুরুতর আহত হয়েছেন মহিলার ছোট সন্তানও। এমনকি আরও বেশ কয়েকজনের আহত হওয়ার খবর আসছে। ঘটনার পরেই গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী এই ঘটনায় দায় স্বীকার করে বিবৃত্তি দেয়নি। তবে ঘটনার পিছনে কুকি জনগোষ্ঠী জড়িত থাকতে পারে বলে অনুমান নিরাপত্তা এজেন্সির।
অন্যদিকে ড্রোন মোকাবিলা সেনাবাহিনীর কাছে বড় চ্যালেঞ্জ। এর আগে বহুবার ড্রোনের মাধ্যমে হামলার চেষ্টা হয়েছে জম্মু-কাশ্মীরে। কিন্তু মণিপুরে জঙ্গি হামলায় ড্রোনের ব্যবহার নতুন বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications