অখিলেশ-মমতা কথা! অসম-মেঘালয়ের বাইরে উত্তর প্রদেশের এই আসনে লড়াই করবে তৃণমূল
উত্তর প্রদেশের ৮০ টি আসনের মধ্যে সতেরোটি প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেস। যা নিয়ে সমাজবাদী পার্টির সঙ্গে কথা পাকা। বাকি ৬৩ টি আসনে সমাজবাদী পার্টি ও ইন্ডিয়া ব্লকের দলগুলি প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার অখিলেশ যাদবের ওপরে।
তৃণমূল কংগ্রেস আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বাইরে অসমের কয়েকটি ও মেঘালয়ের একটি আসন ছাড়াও উত্তর প্রদেশের একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে। সূত্রের খবর অনুযায়ী, এব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের মধ্যে কথা হয়েছে। অখিলেশ যাদব চান্দৌলি আসনটি তৃণমূলকে ছাড়তে রাজি হয়েছেন।

তৃণমূল ওই আসনে অবিভক্ত উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলাপতি ত্রিপাঠীর নাতি রাজেশপতি ত্রিপাঠীকে প্রার্থী করতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, রাজেশপতি ত্রিপাঠী গত ২০২১-এ তৃণমূলে যোগ দিয়েছিলেন। ২০২১-এর অক্টোবরের শেষের দিকে শিলিগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলের যোগ দিয়েছিলেন দুই কংগ্রেস নেতা রাজেশপতি ত্রিপাঠী ও তাঁর ছেলে ললিতপতি ত্রিপাঠী।
এই আসনটি যে তৃণমূলকে ছাড়া হতে পারে তার ইঙ্গিত আগেই দিয়েছিলেন সমাজবাদী পার্টির সহ-সভাপতি কিরণময় নন্দ। গত ডিসেম্বরে সমাজবাদী পার্টির কোর কমিটির বৈঠকে এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
উল্লেখ করা যেতে পারে, ১৯৯৯ ও ২০০৯ সালে এই আসন থেকে জয়ী হয়েছিলেন সমাজবাদী পার্টির প্রার্থী। ২০০৪ সালে জয়ী হয়েছিলেন বহুজন সমাজ পার্টির প্রার্থী। আর ২০১৪ ও ২০১৯-এ এই আসনে জয়ী হয়েছেন বিজেপির মহেন্দ্রনাথ পান্ডে।
সূত্রের খবর, বাংলায় ২০২৬-কে লক্ষ্য করে এগোচ্ছে সমাজবাদী পার্টি। তারা অন্তত পাঁচটি বিধানসভা আসনে লড়াই করতে চায়। সেই জন্য আগে থেকেই সিদ্ধান্ত। বাম জমানায় কিরণময় নন্দ মন্ত্রী থাকার সময় সমাজবাদী পার্টি বামফ্রন্টের শরিক দল ছিল। কিন্তু সিঙ্গুর-নন্দীগ্রাম পর্বে দূরত্ব তৈরি হয়। সেই জায়গা দখল করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে বাংলার বিরোধী দলগুলির তরফে তৃণমূলের এই সিদ্ধান্তকে কটাক্ষ করা হয়েছে। তারা বলছে নির্বাচন কমিশন তৃণমূলের সর্বভারতীয় তকমা কেড়ে নিলেও দলের নামের সঙ্গে সর্বভারতীয় শব্দবন্ধ রাখতে চায়।
অন্যদিকে, শুক্রবার তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন জানিয়েছেন, পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে কোনও জোট হচ্ছে না। এব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় গত মাসে যা বলেছিলেন, তারপর তাদের অবস্থানের কোনও পরিবর্তন হয়নি। তারা অসমের কয়েকটি আসনে এবং মেঘালয়ের তুরা আসনে প্রার্থী দেবেন বলে জানিয়েছেন।












Click it and Unblock the Notifications