প্রেমের সম্পর্ক ভাঙলেই প্রাক্তন দায়ী নয়! আত্মহত্যা মামলায় গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিল হাইকোর্ট, কী জানাল আদালত?
প্রেমের সম্পর্ক ভেঙে গেলে সেটিকে স্বয়ংক্রিয়ভাবে আত্মহত্যায় প্ররোচনা বলা যায় না, এক মামলায় ঠিক এমনটাই জানিয়ে দিল দিল্লি হাই কোর্ট। সেই মামলায় অভিযুক্ত যুবককে আদালত ২৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে।

মামলার তথ্য অনুসারে, প্রায় আট বছরের সম্পর্ক আগেই শেষ হয়ে গিয়েছিল। পরে অভিযুক্ত ওই যুবক অন্য এক তরুণীকে বিয়ে করেন। বিয়ের ঠিক পাঁচ দিন পরই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তাঁর প্রাক্তন প্রেমিকা। তবে আত্মহত্যার সময় কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি এবং জীবিত থাকা অবস্থায় ওই যুবকের বিরুদ্ধে তরুণী কোনও অভিযোগও করেননি।
আদালতের পর্যবেক্ষণ অনুসারে, আত্মহত্যায় প্ররোচনার ধারা তখনই প্রযোজ্য হবে, যখন অভিযুক্তের আচরণে ভুক্তভোগীর সামনে আত্মহত্যা ছাড়া আর কোনও পথ খোলা থাকে না। কিন্তু এই ক্ষেত্রে তেমন সরাসরি প্ররোচনার কোনও প্রমাণ পাওয়া যায়নি। সম্পর্ক ভাঙা এবং আত্মহত্যার মধ্যে যথেষ্ট সময়ের ব্যবধানও রয়েছে।
নির্দেশনামায় আদালত আরও জানিয়ে দেয় যে, বর্তমান সময়ে সম্পর্ক ভেঙে যাওয়া কোনও অস্বাভাবিক ঘটনা নয়। সম্পর্ক ভাঙার কারণেই শুধুমাত্র ভারতীয় ন্যায় সংহিতার ১০৮ ধারায় মামলা টিকবে কি না, তা বিচার্য একটি বিষয়। তরুণীর মানসিক অবস্থাও খতিয়ে দেখার প্রয়োজন আছে বলেও মন্তব্য করেছে হাই কোর্ট।












Click it and Unblock the Notifications