ভোট মিটে গিয়েছে, এবার বাংলা সহ বাকি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে নির্বাচনী আচরণবিধি প্রত্যাহার কমিশনের
দেশের চারটি রাজ্য, একটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং উপনির্বাচন হওয়া সংশ্লিষ্ট এলাকাগুলি থেকে নির্বাচনী আচরণবিধি প্রত্যাহার করে নিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৭ মে, শুক্রবার থেকে পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু, পণ্ডিচেরি সহ গুজরাত, কর্ণাটক, মহারাষ্ট্র, নাগাল্যান্ড ও ত্রিপুরার মতো রাজ্যগুলিতে আর আদর্শ আচরণবিধি কার্যকর থাকবে না।
৪ মে এই রাজ্যগুলির বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার গঠিত হবে ৯ মে, এবং অন্যান্য রাজ্যগুলিতেও শীঘ্রই নতুন সরকার শপথ নেবে। প্রায় দু'মাস ধরে বলবৎ থাকার পর এই আবহে আদর্শ আচরণবিধি প্রত্যাহারের সিদ্ধান্ত নিল কমিশন। প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে আর কোনও বাধা রইল না।

জাতীয় নির্বাচন কমিশন ১৫ মার্চ পাঁচ রাজ্যে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছিল, যার পরদিন অর্থাৎ ১৬ মার্চ থেকে আদর্শ আচরণবিধি কার্যকর হয়। কমিশনের সচিব এই আচরণবিধি প্রত্যাহারের বিষয়ে সংশ্লিষ্ট রাজ্যের নির্বাচন দপ্তরে চিঠি পাঠিয়েছেন।
তবে, এই প্রত্যাহারের ক্ষেত্রে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্র একমাত্র ব্যতিক্রম। ২৯ এপ্রিল ভোটগ্রহণের সময় ব্যাপক গোলমালের অভিযোগ ওঠায় এখানে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় কমিশন। আগামী ২১ মে ফলতায় ফের ভোটগ্রহণ হবে এবং ২৪ মে ফলপ্রকাশ। এই কারণে ফলতা কেন্দ্রে নির্বাচনী আচরণবিধি এখনো জারি থাকছে।












Click it and Unblock the Notifications