পাহাড়ের হাতছানি, সমুদ্রের মায়াবী ডাকে বছর শেষে ভারতের সবচেয়ে আলোচিত ১০ পর্যটন গন্তব্য কোথায়? জানুন
হিমালয়ের তুষারঢাকা শৃঙ্গ থেকে শুরু করে দীর্ঘ উপকূলরেখার নীল জল ভারতের প্রকৃতি বৈচিত্র্যে ভরপুর। ২০২৫ সালে পর্যটকদের সার্চ তালিকায় বারবার উঠে এসেছে কিছু পাহাড়ি শহর ও সমুদ্রসৈকতের নাম। কখনও শান্ত অবকাশের খোঁজে, কখনও আবার অ্যাডভেঞ্চার আর সংস্কৃতির টানে এই ১০টি গন্তব্যই ছিল বছরের সবচেয়ে আলোচিত।
হিমাচল প্রদেশের রাজধানী শিমলা আজও ঔপনিবেশিক ঐতিহ্য আর পাহাড়ি সৌন্দর্যের নিখুঁত মেলবন্ধন। একসময় ব্রিটিশদের গ্রীষ্মকালীন রাজধানী এই শহর আজও ভিক্টোরিয়ান স্থাপত্য, পাইন বনের সারি আর মনোরম আবহাওয়ার জন্য জনপ্রিয়। মল রোডে হাঁটাহাঁটি, রিজে দাঁড়িয়ে পাহাড় দেখা কিংবা কালকা শিমলা টয় ট্রেনে চড়ে ইতিহাস ছোঁয়ার অভিজ্ঞতা, সব মিলিয়ে শিমলা মানেই ক্লাসিক পাহাড়ি ছুটি।

গোয়ার বুকে বাগা মানেই প্রাণচঞ্চল সমুদ্রসৈকত। নর্থ গোয়ায় অবস্থিত এই সৈকত রাতভর পার্টি, জলক্রীড়া আর সমুদ্রপাড়ের শ্যাকের জন্য পরিচিত। দেশি বিদেশি পর্যটকের ভিড়, সীফুডের স্বাদ আর উচ্ছ্বল পরিবেশ বাগাকে বছরের পর বছর জনপ্রিয়তার শীর্ষে রেখেছে।
কুল্লু উপত্যকার কোলে মানালি অ্যাডভেঞ্চারপ্রেমীদের স্বর্গ। তুষারঢাকা পাহাড়, ঘন বন আর নদীর কলতান সব মিলিয়ে ছবির মতো দৃশ্য। সোলাং ভ্যালিতে রোমাঞ্চ, রোটাং পাসে বরফের স্পর্শ কিংবা হিডিম্বা মন্দিরে শান্তির খোঁজ সারা বছরই মানালি পর্যটকদের টানে।
কেরালার ভার্কালা যেন সমুদ্রের ধারে এক শান্ত আশ্রয়। আরব সাগরের দিকে মুখ করা উঁচু ক্লিফ, যোগাশ্রম আর আয়ুর্বেদ কেন্দ্র সব মিলিয়ে ধীর গতির ভ্রমণপিপাসুদের পছন্দ। সূর্যাস্তের রঙিন আকাশ আর নিরিবিলি পরিবেশ চলতি বছরে ভার্কালাকে অন্যতম ট্রেন্ডিং বিচ করে তুলেছে।
ঢৌলাধার পর্বতমালার পাদদেশে অবস্থিত ধর্মশালা আধ্যাত্মিক শান্তির প্রতীক। দালাই লামার বাসস্থান হওয়ায় তিব্বতি সংস্কৃতির প্রভাব স্পষ্ট। ম্যাকলিওডগঞ্জের মঠ-মন্দির, ত্রিউন্ড ট্রেকের পথ আর নির্জন পাহাড়ি আবহ সব মিলিয়ে ধর্মশালা মানেই মানসিক প্রশান্তি।
আন্দামানের হ্যাভলক দ্বীপে অবস্থিত রাধানগর সৈকত সাদা বালি আর নীল জলের অপূর্ব সংমিশ্রণ। এশিয়ার সেরা সৈকতগুলির তালিকায় বারবার জায়গা পাওয়া এই বিচ ব্লু ফ্ল্যাগ স্বীকৃতিও অর্জন করেছে। নিরিবিলি পরিবেশ আর মনকাড়া সূর্যাস্ত ২০২৫ সালে পর্যটকদের ভিড় টেনেছে।
উত্তরাখণ্ডের 'লেক ডিস্ট্রিক্ট' খ্যাত নৈনিতাল নৈনি লেককে ঘিরে গড়ে ওঠা এক রোমান্টিক পাহাড়ি শহর। নৌকাভ্রমণ, পাহাড়ি রাস্তা ধরে হাঁটা আর ঔপনিবেশিক স্থাপত্যের ছোঁয়া সব মিলিয়ে পরিবার ও যুগলদের কাছে নৈনিতাল চিরকালীন পছন্দ।
কর্ণাটকের উপকূলে অবস্থিত গোকর্ণ ধীরে ধীরে জনপ্রিয়তার শিখরে উঠেছে তার নির্জন সৌন্দর্যের জন্য। বড় বড় রিসোর্টের ভিড় নেই, আছে মন্দির সংস্কৃতি, শান্ত সৈকত আর উপকূলীয় ট্রেকের সুযোগ। যারা কোলাহল থেকে দূরে প্রকৃতির কাছে যেতে চান, তাঁদের কাছে গোকর্ণ আদর্শ।
'কুইন অফ দ্য হিলস' নামে পরিচিত মুসৌরি সবুজ পাহাড় আর পুরনো দিনের চার্মে ভরা। মল রোডের কোলাহল, কেম্পটি ফলসের ঝর্ণা আর গান হিল থেকে পাহাড়ের দৃশ্য সব মিলিয়ে গ্রীষ্মের ছুটিতে মুসৌরি আজও প্রথম সারির গন্তব্য।
চলতি বছরে পুরী শুধু সমুদ্রসৌন্দর্যের জন্য নয়, সাংস্কৃতিক গুরুত্বের কারণেও নজর কেড়েছে। ব্লু ফ্ল্যাগ স্বীকৃতি পাওয়া এই সৈকত রথযাত্রার সময় দেশ বিদেশের পর্যটকে ভরে ওঠে। নরম বালি, জলক্রীড়া আর উৎসবের আবহ পুরীকে বছরের অন্যতম আলোচিত সৈকতে পরিণত করেছে।
পাহাড়ের শীতলতা হোক বা সমুদ্রের নোনা হাওয়া এই ১০টি গন্তব্যই প্রমাণ করে, ২০২৫ সালে ভ্রমণ মানেই প্রকৃতি, সংস্কৃতি আর অভিজ্ঞতার এক অনন্য সমন্বয়।












Click it and Unblock the Notifications