বাটার চিকেন ও ডাল মাখানি নিয়ে মামলা দিল্লি হাইকোর্টে! লোভনীয় খাবারগুলি কার আবিষ্কার?
Butter Chicken And Dal Makhani: বাটার চিকেন আর ডাল মাখানি। ভারতীয় রসনাতৃপ্তিতে এই দুই খাবার রয়েছে অনেকেরই পছন্দের খাদ্যতালিকায়। এবার এই দুই খাবার নিয়েই মামলা হলো দিল্লি হাইকোর্টে।
আমরা তো অনেক খাবারই খেয়ে থাকি। কিন্তু অনেকেই জানি না, সেই খাবারগুলির আবিষ্কর্তা কে? বাটার চিকেন ও ডাল মাখানি কাদের আবিষ্কার তা নিয়েই এবার শুরু হয়েছে আইনি লড়াই।

দিল্লির দুই জনপ্রিয় রেস্তরাঁ কর্তৃপক্ষ মোতি মহল ও দরিয়াগঞ্জ। এই দুই রেস্তরাঁর মালিকের মধ্যে একজন জিতবেন, একজন হারবেন। দিল্লি হাইকোর্টই প্রাথমিকভাবে নির্ধারণ করে দেবে লোভনীয় দুই খাবারের আবিষ্কর্তার নাম। যদিও তারপরও সুপ্রিম কোর্টে যাওয়ার রাস্তা খোলা থাকবে। আপাতত নজর মে মাসে।
বার অ্যান্ড বেঞ্চের প্রতিবেদনে উল্লেখ, মোতি মহলের মালিকপক্ষের তরফে দরিয়াগঞ্জের মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তার কারণ, দরিয়াগঞ্জ রেস্তরাঁ ট্যাগলাইনে নিজেদের বাটার চিকেন ও ডাল মাখানির আবিষ্কর্তা হিসেবে পরিচয় দিয়েছে। এটা জনগণের কাছে বিভ্রান্তিকর বলে দাবি মোতি মহলের।
বিচারপতি সঞ্জীব নারুলার এজলাসে ১৬ জানুয়ারি মামলার প্রথম শুনানি হয়েছে। এক মাসের দরিয়াগঞ্জের কাছে লিখিত জবাবদিহি তলব করেছেন বিচারপতি। মোতি মহলের মালিকদের তরফে দাবি করা হয়েছে, তাঁদের পূর্বসূরী কুন্দনলাল গুজরাল বাটার চিকেন ও ডাল মাখানি প্রথম বানিয়েছিলেন। তাঁর মাথাতেই প্রথম আসে এই দুই খাবারের ভাবনা।
নিজেদের দাবির সপক্ষে মোতি মহল জানিয়েছে, অবিক্রিত তন্দুরি চিকেন যাতে শুকিয়ে না যায় সেজন্য অভিনব পন্থা বের করেছিলেন গুজরাল। তিনি টোম্যাটো, মাখন, ক্রিম ও মশলা সহযোগে মাখানি সস বানিয়েছিলেন, যা তন্দুরি চিকেনের গুণাগুণ বাড়ানোর পক্ষে সহযোগী হয়। এর থেকেই ক্রমান্বয়ে তৈরি হয় বাটার চিকেন।
এই সসের সহযোগে কালো মসুর ডাল দিয়ে ডাল মাখানিও গুজরালই প্রথম তৈরি করেন বলে দাবি মোতি মহলের। দরিয়াগঞ্জ রেস্তরাঁর হয়ে সওয়াল করেন সিনিয়র আইনজীবী অমিত সিবাল ও তাঁর টিমের আইনজীবীরা। তাঁরা মোতি মহলের বক্তব্যকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। দরিয়াগঞ্জ রেস্তরাঁ যে মিথ্যা দাবি করছে না, তাও বিচারপতিকে জানান আইনজীবীরা।
দরিয়াগঞ্জের আইনজীবীর বক্তব্য, মোতি মহলের গুজরাল ও দরিয়াগঞ্জের কুন্দনলাল জাগ্গি মিলে পাকিস্তানের পেশোয়ারে গড়ে তুলেছিলেন মোতি মহল রেস্তরাঁ। ফলে ডাল মাখানি ও বাটার চিকেনের আবিষ্কারের কথা প্রচারে তুলে ধরার মধ্যে কোনও বিভ্রান্তিমূলক বা ভুল বার্তা নেই বলেই দাবি দরিয়াগঞ্জের। মামলার পরবর্তী শুনানি মে মাসের ২৯ তারিখ।












Click it and Unblock the Notifications