অধিবেশন আটকাইনি! গেহলটকে পাল্টা তোপ দেগে কী বললেন রাজস্থানের রাজ্যপাল কলরাজ?
রাজস্থানে অধিবেশন বসার সম্মতি মিলল অবশেষে। ১৪ অগাস্ট থেকে রাজস্থান বিধানসভার অধিবেশন শুরু করতে সম্মতি দিলেন রাজ্যপাল কলরাজ মিশ্র। বুধবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে রাজ্যপালের দপ্তর৷ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪ অগাস্ট থেকে বিধানসভার পঞ্চম অধিবেশন শুরুতে সায় দিয়েছেন রাজ্যপাল৷ তবে করোনা পরিস্থিতিতে বিধানসভায় সবরকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

মুখ খোলেন রাজস্থানের রাজ্যপাল কলরাজ মিশ্র
গত রাতের সেই বিজ্ঞপ্তির পর এদিন ফের এই বিষয় মুখ খোলেন রাজস্থানের রাজ্যপাল কলরাজ মিশ্র। তিনি স্পষ্ট জানিয়ে দেন, তিনি কোনও ভাবেই এই বিষয়ে টালবাহানা করেননি। এই অধিবেশন ডাকার যথার্থতা দিতে ব্যর্থ হন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তাই বারবার তাঁর প্রস্তাব ফিরিয়ে দিতে বাধ্য হন রাজ্য়পাল।

জরুরি ভিত্তিতে অধিবেশন ডাকার দাবি ছিল গেহলটের
জরুরি ভিত্তিতে অধিবেশন ডাকার যে প্রস্তাব গেহলট করেছিলেন, তা নিয়ে সংবিধানের দোহাই দিয়ে রাজ্যপালি জানিয়ে দিয়েছিলেন যদি আস্থা ভোটের জন্য এই অধিবেশন ডাকা হয় তবে তা ৩১ জুলাই বসবে না হলে তার জন্য ২১ দিনের নোটিশ দিতে হবে। এতে জোর ধাক্কা খায় কংগ্রেস। এরপরই বারবার এনিয়ে প্রস্তাব পাঠানো ও প্রত্যাখ্যানের পালা চলে রাজস্থানে।

বারংবার কংগ্রেসের প্রস্তাব ফিরিয়ে নেন রাজ্যপাল
এর আগে ৩১ জুলাই অধিবেশন শুরুর প্রস্তাব দেওয়া হলেও তা মানেননি রাজ্যপাল৷ তাঁর যুক্তি ছিল, ২১ দিনের নোটিশ ছাড়া বিধানসভার অধিবেশন ডাকা যাবে না৷ এদিকে বিধানসভা ডাকা নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে পৌঁছায়। রাজ্যপালের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলে কংগ্রেস। বিজেপির চাপে কাজ করছেন বলে অভিযোগ করেন অশোক গেহলট। রাজভবনের সামনে ধর্নাও দেন কংগ্রেস কর্মীরা।

রাজ্যপালের নামে প্রধানমন্ত্রীকে নালিশ
এর আগে এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নালিশ ঠুকেও লাভ পাননি গেহলট। এর আগে তিনবার রাজ্যপাল কলরাজ মিশ্র ফিরিয়ে দিয়েছেন বিধানসভা অধিবেশন ডাকার প্রস্তাব। বিজেপি কলকাঠি নাড়ার আগেই নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করিয়ে সরকার সুরক্ষিত করতে মরিয়া হয়ে উঠেছেন অশোক গেহলট। কিন্তু বারবারই গেহলটে মুখ থুবড়ে পড়তে হচ্ছে বিজেপির কৌশলের কাছে।












Click it and Unblock the Notifications