ট্রাম্পের চাপেই কি হঠাৎ বাণিজ্য চুক্তি? সংসদের বাইরে বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর
সংসদে বক্তব্য রাখার সুযোগ না পেয়ে বাইরে এসেই তোপ দাগলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, চার মাস ধরে ঝুলে থাকা ভারত ও আমেরিকা বাণিজ্য চুক্তি হঠাৎ করেই সই হয়েছে ও এর নেপথ্যে রয়েছে মার্কিন চাপ। নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাঠগড়ায় তুলে রাহুল বলেন, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েই এই চুক্তি হয়েছে।
রাহুলের অভিযোগ, "প্রধানমন্ত্রী চাপে রয়েছেন। যাঁরা তাঁর ভাবমূর্তি গড়েছিলেন, তাঁরাই আজ সেই ভাবমূর্তি ভাঙছেন।" তাঁর মতে, চুক্তি নিয়ে কেন্দ্র সরকার কোনও স্পষ্ট ব্যাখ্যা দিচ্ছে না, বরং সব কিছু গোপনেই এগোনো হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন এতদিন আটকে থাকা চুক্তি কীভাবে রাতারাতি চূড়ান্ত হল?

আরও এক ধাপ এগিয়ে রাহুল বলেন, এই বাণিজ্য চুক্তিতে দেশের পরিশ্রম 'বিক্রি' করে দেওয়া হয়েছে। তাঁর ভাষায়, "প্রধানমন্ত্রী আপস করেছেন, আর সেই আপসের মূল্য দিচ্ছে দেশ।" এমনকি তিনি দাবি করেন, আমেরিকায় শিল্পপতি গোষ্ঠীকে ঘিরে যে আইনি মামলা চলছে, তার প্রভাবও নাকি এই চাপের রাজনীতিতে পড়েছে। পাশাপাশি, 'এপস্টিন ফাইলস' এর কিছু অপ্রকাশিত তথ্য নিয়েও চাপ বাড়ছে বলে মন্তব্য করেন তিনি।
এদিন সংসদের অন্দরেও উত্তেজনা কম ছিল না। হট্টগোলের মধ্যেই লোকসভায় রাহুল একটি প্রবন্ধের 'প্রামাণ্য' কপি উদ্ধৃত করতে গেলে আপত্তি তোলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। তাঁর বক্তব্য, যে বিষয়ে ইতিমধ্যেই রায় দেওয়া হয়েছে, তা পরোক্ষভাবে উদ্ধৃত করা যায় না।
সব মিলিয়ে, ভারত ও আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে রাজনৈতিক বিতর্ক নতুন করে চড়েছে। সংসদের ভেতরে বাইরে প্রশ্ন একটাই এই চুক্তির শর্তে আদৌ দেশের স্বার্থ কতটা সুরক্ষিত?












Click it and Unblock the Notifications