ইন্ডিগো সংকটে নড়েচড়ে বসল ডিজিসিএ, চার উড়ান পরিদর্শক সাসপেন্ড, কড়া তদন্তে এভিয়েশন নিয়ন্ত্রক
দেশজুড়ে ইন্ডিগোর হাজারো ফ্লাইট বাতিলের জেরে একাধিক বিমানবন্দরে তৈরি হওয়া অরাজকতার পর কড়া পদক্ষেপ নিল ডিজিসিএ। শুক্রবার সংস্থাটি চারজন ফ্লাইট অপারেশন্স ইন্সপেক্টরকে (এফওআই) সাসপেন্ড করেছে। এঁদের দায়িত্ব ছিল ইন্ডিগোর ফ্লাইট অপারেশন ও নিরাপত্তা তদারকি, অভিযোগ অবহেলার জেরে পরিস্থিতি এতদূর গড়িয়েছে।
নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, তারা নিরন্তর ইন্ডিগোর কাজকর্ম পর্যবেক্ষণে রাখছে। ইতিমধ্যেই সংস্থার সিইও পিটার এলবার্সকে তলব করা হয়েছে ও তিনি বৃহস্পতিবার ডিজিসি এর সামনে হাজিরা দিয়েছেন। পাশাপাশি, ১১টি বিমানবন্দরে ইন্ডিগোর অপারেশন সরেজমিনে খতিয়ে দেখতে উচ্চপদস্থ আধিকারিকদের দল পাঠানো হচ্ছে।

এদিকে বিপর্যস্ত পরিষেবা সামাল দিতে ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছে ইন্ডিগো। সংস্থার বক্তব্য, অত্যাধিক ক্ষতিগ্রস্ত যাত্রীদের ১০ হাজার টাকার ভ্রমণ ভাউচার দেওয়া হবে, যা আগামী ১২ মাসের মধ্যে যেকোনো ইন্ডিগো যাত্রায় ব্যবহার করা যাবে। পাশাপাশি সরকারী নির্দেশিকা অনুযায়ী, যেসব ফ্লাইট উড্ডয়নের ২৪ ঘণ্টার মধ্যে বাতিল হয়েছে, সেই যাত্রীদের ৫,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে।
অন্যদিকে, পরিস্থিতির মূল কারণ অনুসন্ধানে ডিজিসিএ একটি চার সদস্যের বিশেষ কমিটি গঠন করেছে। শুক্রবার আবারও এই কমিটির সামনে হাজির হবেন এলবার্স। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন যৌথ মহা পরিচালক সঞ্জয় ব্রহ্মাণে, উপ মহা পরিচালক অমিত গুপ্ত, সিনিয়র ফ্লাইট অপারেশন্স ইন্সপেক্টর কপিল মঙ্গলিক ও এফওআই লোকেশ রামপাল।
কমিটির দায়িত্ব ইন্ডিগোর জনবল পরিকল্পনা, রোস্টারিং ব্যবস্থা, ও ১ নভেম্বর থেকে কার্যকর নতুন ডিউটি আওয়ারস ও পাইলটদের বিশ্রাম নীতির প্রস্তুতি সব দিক খতিয়ে দেখে সঙ্কটের মূল কারণ চিহ্নিত করা।












Click it and Unblock the Notifications