বাবা তুলেছে নগ্ন ছবি, বিয়েতে গাড়ি না পেয়ে অপবাদ দিল মেয়ে!

সব জেনে এমনই প্রতিক্রিয়া হয়েছিল পুলিশের। দুঁদে অফিসাররাও ভাবতে পারেননি মেয়েই এমন অভিযোগ আনবে নিজের বাবার বিরুদ্ধে।
ঘটনাস্থল উত্তরপ্রদেশের বরেলি। দুলালি মেয়েকে বিয়ের সময় গাড়ি দেওয়া হবে, এমন কথা দিয়েছিল বাবা। কিন্তু বিয়ের একদম আগে-আগে মেয়ের হবু শ্বশুরবাড়ির সঙ্গে ওই ভদ্রলোকের মনোমালিন্য হয়েছিল। তাই তিনি সিদ্ধান্ত নেন, ওই বাড়িতে মেয়ের বিয়েই দেবেন না। গাড়ি তো দূরের কথা। মেয়েকে বুঝিয়ে বলেছিলেন সব।
কিন্তু বিয়ের দিন ঠিক সকালে উঠে দেখেন মেয়ের বিছানা ফাঁকা। শুরু হয়ে যায় খোঁজ। বেশ কিছু দিন পরে ভদ্রলোকের কানে আসে যে, তাঁর আদরের মেয়ে পালিয়ে গিয়ে ওই ছেলেটিকেই বিয়ে করেছে। ঘর করছে শ্বশুরবাড়িতে। শুনে মানসিকভাবে আঘাত পান রাজ্য সরকারি কর্মচারী ওই ভদ্রলোক। স্থির করেন মেয়ের সঙ্গে আর যোগাযোগ রাখবেন না।
কিন্তু আরও বাকি ছিল! কিছুদিন আগে হঠাৎ পুলিশ এসে হাজির বাড়িতে। কেন? মেয়েই নাকি এফআইআর করেছে বাবার বিরুদ্ধে। তবে ভদ্রলোকের দশা দেখেই হয়তো দয়াপরবশ হয়ে তাঁকে কোমরে দড়ি পরিয়ে গ্রেফতার করেনি পুলিশ। বরং থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করার জন্য।
মেয়ে এই মর্মে এফআইআর দায়ের করে যে, বিয়ের আগে বাবা তাকে নগ্ন করেছে। সেই নগ্ন দৃশ্য এমএমএস বানিয়ে রেখে দিয়েছে নিজের মোবাইলে। মেয়ে আরও অভিযোগ করে, বাবা তাকে শয্যাসঙ্গিনী করতে চেয়েছিল। রাজি না হওয়ায় ওই এমএমএস ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে।
কিন্তু মেয়ের পালিয়ে যাওয়ার ঘটনা, বিয়েতে গাড়ি দেওয়ার প্রতিশ্রুতি ইত্যাদি ঘটনা শুনে খটকা লাগে পুলিশের মনে। মেয়েকে এবার থানায় ডেকে এনে একটু চমকাতেই বেরিয়ে পড়ে আসল ঘটনা। বাবা বিয়েতে গাড়ি না দেওয়ায় স্বামীর সঙ্গে পরামর্শ করে সে ভুয়ো অভিযোগ এনেছিল বাবার বিরুদ্ধে। উদ্দেশ্য ছিল, বাবাকে একটু 'শিক্ষা' দেওয়া! সব শুনে পুলিশও হতবাক।
পুলিশ অফিসাররা ওই ভদ্রলোককে পরামর্শ দিয়েছিল, মেয়ের বিরুদ্ধে পাল্টা এফআইআর করার। কিন্তু মেয়ে জেলে ঢুকবে, এটা ভেবে সেই পথে হাঁটতে চাননি তিনি। এই অপবাদের ধাক্কায় প্রচণ্ড অসুস্থ হয়ে এখন শয্যাশায়ী হয়ে পড়েছেন।












Click it and Unblock the Notifications