Delhi Result 2025: উপরাজ্যপালের কাছে বিজেপি বিধায়করা, পদ্ম শিবিরকে প্রতিশ্রুতি মনে করালেন বিদায়ী মুখ্যমন্ত্রী
শনিবারই দিল্লি ভোটের ফলাফল প্রকাশ্যে এসেছে। আপের বিদায় ঘটেছে এবং দিল্লির ক্ষমতা দখল করেছে বিজেপি। রবিবারই দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা। রাজভবনে গিয়ে উপরাজ্যপাল ভিকে সাক্সেনার কাছে ইস্তফাপত্র তুলে দেন।
অরবিন্দ কেজরিওয়াল থেকে মণীশ সিসৌদিয়া, সোমনাথ ভারতী থেকে সৌরভ ভরদ্বাজ, একাধিক আপের হেভিওয়েট নেতাই হেরেছেন কিন্তু জয় পেয়েছেন অতিশী। ফলে তিনিই যে বিরোধী শিবিরের মুখ হবেন সেটা নিয়ে খুব একটা সন্দেহ নেই। মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তাফা দিয়েই তিনি বিজেপির উপর চাপ সৃষ্টির প্রক্রিয়া শুরু করে দিলেন।

ক্ষমতায় আসার পর থেকেই দিল্লিতে বিনামূল্যে জল-বিদ্যুৎ দিয়ে এসেছিলেন অরবিন্দ কেজরিওয়ালের সরকার। কিন্ত বিজেপি আমলে কি এবার এই প্রকল্পগুলি বজায় থাকবে না বিলুপ্ত হবে, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। দিল্লিতে ক্ষমতা. আসার জন্য একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। তার মধ্যে অন্যতম গরিব পরিবারের মহিলাদের মাসে ২৫০০ টাকা আর্থিক সাহায্য, প্রসূতি মহিলাদের ২১ হাজার টাকার আর্থিক সাহায্য এবং ৫০০ টাকায় এলপিজি সিলিন্ডার।
বিজেপি জয় পাওয়ার পরই বিদায়ী মুখ্যমন্ত্রী তথা আপ নেত্রী অতিশী বলেছেন, বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে প্রথম মন্ত্রিসভার বৈঠকে পরিবারের মহিলাদের মাসে ২৫০০ টাকা আর্থিক সাহায্যের প্রকল্পটি পাস করবে এবং ৮ই মার্চের মধ্যে দিল্লির সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২৫০০ টাকা জমা দেওয়া হবে। আশা করি বিষয়টি নিশ্চিত করবে বিজেপি না হলে এই বিষয়ে তাদের জবাবদিহী দিতে হবে।
একইসঙ্গে রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদায়ী মুখ্যমন্ত্রী আরও বলেন, আমরা আশা করি গত ১০ বছর ধরে আপ যে প্রকল্পগুলো চালিয়ে আসছিল সেগুলি বজায় রাখবে বিজেপি। দিল্লিবাসী ৩০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ পাবেন, সমস্ত সুযোগ-সুবিধাও অব্যাহত থাকবে, সরকারি স্কুলগুলিতে মান বজায় থাকবে, মহল্লার ক্লিনিকগুলিতে বিনামূল্যে চিকিৎসা চলবে, সরকারি হাসপাতালে সমস্ত চিকিৎসা বিনামূল্যে হবে।
বিজেপি শিবিরের পক্ষ থেকে ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কেন্দ্রের আয়ূষ্মান ভারত যোজনা চালু করা হবে ক্ষমতায় আসার পরই। এবার বিজেপি কাছে চ্যালেঞ্জ প্রতিশ্রুতি রক্ষা করা। অতিশীর পদত্যাগের পর বি্কেলে উপরাজ্যপালের কাছে সাক্ষাৎ করতে যান বিজেপির দুই বিধায়ক। নিয়ম মাফিকই সাক্ষাৎ করেন বিজেপি বিধায়করা। বিজেপির পক্ষ থেকে উপরাজ্যপালের কাছে সময় চাওয়া হয়েছে তাদের সব বিধায়কদের সঙ্গে বৈঠক করার জন্য। সেখানে থাকবেন দিল্লির বিজেপি সাংসদরাও। মোদী আমেরিকা সফর থেকে ফেরার পরই দিল্লিতে শপথ অনুষ্ঠান হতে পারে।












Click it and Unblock the Notifications