Delhi Polls: নির্বাচনী বিধির থোড়াই কেয়ার! দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী-সহ আপ সমর্থকদের বিরুদ্ধে মামলা
Delhi Assembly Election 2025: রাত পোহালেই বুধবার ভোটগ্রহণ দিল্লিতে। প্রচার পর্ব মিটেছে সোমবারই। তবু রাজনৈতিক উত্তাপ চরমে। মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রী তথা কালকাজি বিধানসভা কেন্দ্রের (Kalkaji Assembly Constituency) আপ প্রার্থী অতিশী মারলেনার (Atishi Marlena) বিরুদ্ধে মামলা রুজু করল দিল্লি পুলিশ।
মামলা করা হয়েছে ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী রমেশ বিধুরির ভাইপোর বিরুদ্ধেও। জানা গিয়েছে, কালকাজি কেন্দ্রে নির্বাচনী আদর্শ আচরণবিধি (Model Code of Conduct) লঙ্ঘনের অভিযোগ রয়েছে অতিশী মারলেনা ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে। দুটি আলাদা আলাদা মামলা করা হয়েছে তাঁদের বিরুদ্ধে।

দিল্লি পুলিশের (Delhi Police) দাবি, নির্বাচনী বিধি ভঙ্গ করে ফতেহ সিং মার্গে জনা ৫০ থেকে ৬০ জন সমর্থককে নিয়ে আসেন অতিশী। ১০টি গাড়ির কনভয় করে তারা আসেন। সূত্রের খবর, আপ সদস্য অস্মিত ও সাগর মেহতা রাস্তা অবরোধ করে হেড কনস্টেবল কৌশল পালের উপর আক্রমণ চালায়।
গোবিন্দপুরীতে নির্বাচনী বিধির তোয়াক্কা না করে আপের জমায়েতের ভিডিও করছিলেন তিনি। সেই সময় ওই পুলিশ আধিকারিককে আপের কর্মীরা চড় মারেন বলে অভিযোগ। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে। আতিশীর দাবি, জেজে ক্যাম্প এলাকায় বিজেপি কর্মীরা আমজনতাকে হুমকি পর্যন্ত দিচ্ছে।
অন্যদিকে, দ্বিতীয় মামলাটিতে করা হয়েছে আতিশীর সমর্থদের বিরুদ্ধে। সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশ আধিকারিকদের উপর হামলার অভিযোগে মামলা করা হয়েছে তাঁদের বিরুদ্ধে। যদিও এক্স হ্যান্ডেলে আতিশীর দাবি, দিল্লি পুলিশ ২ জনকে বেআইনিভাবে হেফাজতে নিয়েছে। ওই ২ জন রিপোর্টিং ও ভিডিও করছিলেন। অথচ যারা আদর্শ আচরণবিধি ভঙ্গ করছেন, তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না বলে দাবি আতিশীর।
নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগে মণীশ বিধুরি ও রবি দায়ামার বিরুদ্ধেও FIR রুজু করেছে দিল্লি পুলিশ। আতিশীর করা অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু করেছে পুলিশ। আতিশীর দাবি, আদর্শ আচরণ বিধিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা বলা থাকলেও কালকাজিতে বহিরাগতদের নিয়ে হাজির হয়েছিলেন মণীশ বিধুরি। যদিও বিধুরির গাড়িতে তল্লাশি চালিয়েও কিছুই উদ্ধার করতে পারেনি পুলিশ।












Click it and Unblock the Notifications