কুয়াশার দাপটে দিল্লি অচল, বাতিল ১২৮ উড়ান, বিপর্যস্ত আকাশ ও রেল যোগাযোগ
ঘন কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে রাজধানী ও আশপাশের এলাকা। সোমবার ভোর থেকেই দিল্লি এনসিআরে কার্যত 'শূন্য দৃশ্যমানতা'র জেরে বিপর্যস্ত হয়ে পড়ে আকাশপথ। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল পর্যন্ত মোট ১২৮টি বিমান বাতিল হয়েছে, অন্যদিকে আটটি বিমান ঘুরিয়ে দেওয়া হয়েছে বিকল্প বিমানবন্দরে।
বিমান চলাচলে এর প্রভাব পড়েছে ব্যাপকভাবে। ফ্লাইটরাডার ২৪ এর তথ্য অনুযায়ী, সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত অন্তত ১৭৮টি উড়ান ছাড়তে দেরি হয়েছে ও ৬৯টি আগমনেও বিলম্ব দেখা দিয়েছে। ঘন কুয়াশার কারণে বিমানবন্দরে চালু রাখা হয়েছে বিশেষ 'ক্যাট থ্রি' (CAT III) পদ্ধতি, যা অত্যন্ত কম দৃশ্যমানতার মধ্যেও নিরাপদ অবতরণে সহায়ক।

দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ এক্স হ্যণ্ডেলে জানায়, কুয়াশার জন্য উড়ান পরিষেবা স্বাভাবিকের তুলনায় ধীরগতিতে চলছে। যাত্রীদের সহায়তায় মাঠে রয়েছে গ্রাউন্ড টিম। একইসঙ্গে যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে উড়ানের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
একাধিক বিমান সংস্থাও সতর্কবার্তা জারি করেছে। ইন্ডিগো জানিয়েছে, দৃশ্যমানতার ওঠানামার ফলে দিল্লি ও হিন্ডন বিমানবন্দরে উড়ান সূচিতে পরিবর্তন আসতে পারে ও পরিষেবা স্বাভাবিকের তুলনায় ধীর হতে পারে। আবহাওয়া অনুকূল হলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও আশ্বাস দিয়েছে সংস্থাটি। রবিবার সন্ধ্যাতেই এয়ার ইন্ডিয়া সম্ভাব্য দেরির কথা জানিয়ে যাত্রীদের আগাম ফ্লাইট স্ট্যাটাস দেখে নেওয়ার অনুরোধ করেছিল। একই সুরে স্পাইসজেটও অতিরিক্ত সময় হাতে নিয়ে বিমানবন্দরে পৌঁছনোর পরামর্শ দিয়েছে।
আকাশপথের পাশাপাশি রেল যোগাযোগেও পড়েছে কুয়াশার ছায়া। উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় দৃশ্যমানতা কম থাকায় বহু ট্রেন নির্ধারিত সময়ের থেকে দেরিতে চলছে।
এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন উত্তর ভারতের বিভিন্ন অংশে ঘন থেকে অতি ঘন কুয়াশা বজায় থাকবে। হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও পশ্চিম উত্তরপ্রদেশে ৩১ ডিসেম্বর পর্যন্ত রাত ও ভোরের দিকে কুয়াশার দাপট থাকবে। পূর্ব উত্তরপ্রদেশে এই পরিস্থিতি চলতে পারে ১ জানুয়ারি পর্যন্ত, তার পরে ধীরে ধীরে উন্নতির সম্ভাবনা।
দিল্লির জন্য ২৯ ডিসেম্বর 'কমলা সতর্কতা' জারি করেছে আবহাওয়া দপ্তর। রাজধানীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ও সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ৭ ডিগ্রি সেলসিয়াসে। কুয়াশার এই দাপটে আপাতত স্বস্তির কোনও ইঙ্গিত নেই বলেই জানাচ্ছেন আবহবিদরা।












Click it and Unblock the Notifications