উন্নাও ধর্ষণ মামলায় কুলদীপ সিং সেনগারের সাজা স্থগিত, শর্তসাপেক্ষে জামিন দিল দিল্লি হাই কোর্ট
উন্নাও ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেনগারকে আপাতত স্বস্তি দিল দিল্লি হাই কোর্ট। মঙ্গলবার দিল্লি হাই কোর্ট সেনগারের সাজা স্থগিত রেখে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছে।
বিচারপতি সুব্রহ্মণ্যম প্রসাদ ও বিচারপতি হরিশ বৈদ্যনাথন শঙ্করের ডিভিশন বেঞ্চ সেনগারের মুক্তির নির্দেশ দেয়। আদালতের নির্দেশ অনুযায়ী, ১৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড এবং সমপরিমাণ তিনজন জামিনদার জমা দেওয়ার শর্তে তিনি জামিনে মুক্তি পাবেন।

তবে জামিনের সঙ্গে একাধিক কড়া শর্ত আরোপ করেছে আদালত। নির্দেশ দেওয়া হয়েছে, অভিযুক্ত কোনওভাবেই নির্যাতিতার বাড়ির পাঁচ কিলোমিটার এলাকার মধ্যে প্রবেশ করতে পারবেন না। একই সঙ্গে নির্যাতিতা বা তাঁর মাকে হুমকি দেওয়া কিংবা প্রভাবিত করার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জামিনকালীন সময়ে সেনগারকে দিল্লিতেই অবস্থান করতে হবে বলেও নির্দেশ দিয়েছে আদালত।
হাই কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, শর্ত ভঙ্গের কোনও প্রমাণ মিললেই সঙ্গে সঙ্গে জামিন বাতিল করা হবে।
২০১৯ সালের ডিসেম্বরে ট্রায়াল কোর্টের রায়ে উন্নাওয়ের নাবালিকা ধর্ষণ মামলায় কুলদীপ সিং সেনগারকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে তিনি হাই কোর্টে যে আপিল দায়ের করেছেন, তার নিষ্পত্তি না হওয়া পর্যন্তই এই সাজা স্থগিত থাকবে বলে জানিয়েছে আদালত।
উল্লেখ্য, ২০১৭ সালে নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে উত্তাল হয়েছিল গোটা দেশ। সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৯ সালের ১ অগাস্ট উত্তরপ্রদেশ থেকে মামলার বিচার ও সংশ্লিষ্ট সমস্ত মামলা দিল্লিতে স্থানান্তর করা হয়।
এই মামলার পাশাপাশি নির্যাতিতার বাবার হেফাজতে মৃত্যুর ঘটনায়ও সেনগারকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। সেই মামলায় সাজা স্থগিতের আবেদন সংক্রান্ত আপিলও বর্তমানে দিল্লি হাই কোর্টে বিচারাধীন রয়েছে।












Click it and Unblock the Notifications