ক্লাসরুমের দেওয়ালে গোবরের প্রলেপ! কিন্তু কেন? তুমুল বিতর্কের মাঝে কী বললেন অধ্যক্ষা?
বর্তমানে সামাজিক মাধ্যমে চর্চায় দিল্লির লক্ষ্মীবাই কলেজ (Lakshmibai College in Delhi)। কলেজের এক অধ্যক্ষের সিদ্ধান্ত ঘিরে তর্ক-বিতর্কের জন্ম। সম্প্রতি, তিনি ওই কলেজের কয়েকটি ক্লাস রুমের দেওয়ালে গোবর লেপে (Dung coating) দিয়েছেন। যার পরই শোরগোল নেট পাড়ায়। গোবর লেপার একটি ভিডিও কলেজের শিক্ষকদের গ্রুপে শেয়ার করা হয়। আর সেখান থেকেই তা ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। তবে ভিডিও শেয়ার হতেই শুরু হয় তুমুল নিন্দার ঝড়।
ভিডিওতে দেখা যাচ্ছে, অধ্যক্ষা প্রত্যুষ ভাটসালা কলেজের এক কর্মচারীকে সঙ্গে নিয়ে নিজেই এই কাজে হাত লাগিয়েছেন। পোস্টের কমেন্টে এক শিক্ষক লিখেছেন, "কলেজের অধ্যক্ষা যদি এমন আজগুবি কাজে ব্যস্ত থাকেন, তাহলে সেখানে ছেলেমেয়েরা পড়তে আসবে কেন! তারা তো নিজেদের ক্যারিয়ার গড়তে পয়সা খরচ করে পড়তে আসে।"

অন্য আরও একজন লিখেছেন, 'কলেজে গোবর ঢুকেছে। এরপর গো-মুত্র পান করতে বলা হবে। বিশ্বগুরু হওয়া আর ঠেকায় কে!' তবে বহু মানুষ অধ্যক্ষার ওই কাজের প্রশংসাও করেছেন। বিশেষ করে তিনি নিজেই গোবর লেপার কাজে নেতৃত্ব দিয়েছেন, যা বহু মানুষের মন কেড়ে নিয়েছে।
তবে সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে অধ্যক্ষার জবাবও কিন্তু প্রশংসনীয়। তিনি বলেন, কেউ কিছু না জেনে, না বুঝেই সমালোচনা শুরু করে দিয়েছে। কলেজের দেওয়ালে গোবর লেপা হয়েছে, যা একটি গবেষণা প্রকল্পের অংশ হিসাবে। মূলত, ক্লাস রুম ঠান্ডা রাখতে গোবরের প্রলেপ দেওয়া হয়েছে। এটা একটা গবেষণা প্রকল্পের অংশ।
তিনি আরও বলেন, 'ঐতিহ্যবাহী ভারতীয় জ্ঞান ব্যবহার করে তাপ চাপ নিয়ন্ত্রণের অধ্যয়ন' শীর্ষক এই গবেষণা। প্রাচীন ভারতীয় পদ্ধতি অনুসরণ করে কীভাবে দিল্লির মতো জায়গায় অসহ্য গরম থেকে রেহাই মিলতে পারে, সেটাই গবেষণার বিষয়। গোবর হল এই কাজে অত্যন্ত উপযোগী বস্তু। এই গবেষণা প্রক্রিয়াধীন। এক সপ্তাহ পরে আমি সম্পূর্ণ গবেষণার বিবরণ শেয়ার করতে পারব।
নিজেই এই কাজ করার প্রসঙ্গে তিনি জানান, আমি নিজেই এর একটি লেপন করেছি, কারণ গোবর স্পর্শ করায় কোনও ক্ষতি নেই। কিছু লোক সম্পূর্ণ বিষয় না জেনেই ভুল তথ্য ছড়াচ্ছে।












Click it and Unblock the Notifications