Arvind Kejriwal: ফের জেলমুক্তি কেজরিওয়ালের, আবগারি দুর্নীতি মামলায় ১ লক্ষ টাকার বন্ডে জামিন মুখ্যমন্ত্রীর
ফের জামিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে জামিন দিল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দেওয়া হয়েছে। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের বিচারক ন্যায় বিন্দু দিল্লির মুখ্যমন্ত্রীর জামিন মঞ্জুর করেন। এই নিয়ে দ্বিতীয়বার জামিন পেলেন তিনি।
আপ সুপ্রিমোকে প্রথমে জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট। লোকসভা ভোট যাতে তিনি দিতে পারেন সেকারণে তাঁকে জামিন দেওয়া হয়েছিল। ২ জুন তাঁকে ফের জেলে ফিরতে হয়। কারণ জামিন দেওয়ার সময়ই সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল ভোট দেওয়া হয়ে গেলেই ২ জুন তাঁকে আত্মসমর্পণ করতে হবে। সেই নির্দেশ মেনে ২ জুন আত্মসমর্পণ করেন তিনি।

গতকাল থেকেই দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে কেজরিওয়ালের জামিনেরপ আর্জির শুনানি শুরু হয়েছিল। ইডির পক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। ইডির আইনজীবী আদালতে জানিয়েছিলেন কেজরিওয়াল আবগারি দুর্নীতি করে ১০০ কোটি টাকা নিজের পকেটে পুরেছেন তার প্রমাণ রয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ইডির বিরোধিতা ধোপে টিকল না। বিচারক কেজরিওয়ালের জামিন মঞ্জুর করেন।
জামিনের বন্ডের টাকা মেটানোর জন্য ৪৮ ঘণ্টা সময় চেয়েছিল ইডি যাতে তারা এই রায়ের বিরোধিতা করে উচ্চতর আদালতে যেতে পারে। কিন্তু বিচারক জানিয়ে দেন কোনও রকম স্থগিতাদেশ তিনি এই রায়ের উপরে দেবেন না। শুক্রবারের মদ্যে জামিনের বন্ড বিচারকের সামনে পেশ করতে হবে।
জানা গিয়েছে শুক্রবারই জেল থেকে ছাড়া পাবেন কেজরিওয়াল। ইতিমধ্যেই দিল্লিতে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে উৎসব শুরু করে দিয়েছেন আম আদমি পার্টির কর্মী সমর্থকরা। তাঁরা বাজি পুড়িয়ে বাজনা বাজিয়ে আনন্দ করতে শুরু করে দিয়েছেন। আপ কর্মী সমর্থকরা অভিযোগ করেছেন বিনা দোষে মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছিল ইডি। প্রথম থেকেই এটি একটি ভুয়ো মামলা ছিল। সেটা আস্তে আস্তে প্রমাণিত হচ্ছে।
এর আগে এই মামলায় জামিন পেয়েছেন আম আদমি পার্টি নেতা সঞ্জয় সিং। কেজরিওয়াল গ্রেফতার হওয়ার পরেই তিনি জামিন পান। গত ২১ মার্চ ইডি কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল। কেজরিওয়াল এবং সঞ্জয় সিং জামিন পেলেও মণীশ সিসোদিয়া এখনও জেলে রয়েছেন।
গত ২ জুন আত্মসমর্পণের দিন দলের কর্মী সমর্থকদের তিনি বার্তা দিয়েছিলেন যে আবার ফিরে আসবেন। বাস্তবে সেটাই হতে চলেছে। এদিকে ইডি আদালতে বারবার দাবি করেছে আবগারি দুর্নীতিতে ১০০ কোটি টাকা নিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল তার প্রমাণ তাঁদের কাছে রয়েছে। ইডির তরফে দাবি করা হয়েছিল গোয়া বিধানসভা নির্বাচনে হাওয়ালার মাধ্যমে আবগারি দুর্নীতির টাকা খাটানো হয়েছে।












Click it and Unblock the Notifications