Delhi Polls: ভোটের দিল্লিতে বড় ধাক্কা আপের! “কেজরিওয়ালে আস্থা নেই,” দল ছাড়লেন ৭ বিধায়ক
Delhi Assembly Election 2025: দিল্লির ভোটের আর হাতে গোনা কয়েকদিন বাকি। তার আগে বড় ধাক্কা শাসকদল আম আদমি পার্টির (Aam Aadmi Party)। দল ছাড়লেন ৭ জন বিধায়ক (MLA quit)। শুক্রবার আপের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন তারা। বিধানসভা নির্বাচনের ঠিক আগে দিল্লিতে চরম অস্বস্তিতে অরবিন্দ কেজরিওয়ালের দল।
একসঙ্গে ৭ বিধায়কের ইস্তফায় (Resign) দলের অন্দরে দ্বন্দ্ব নিয়েও প্রশ্ন উঠেছে। সূত্রের খবর, ৭ জনের মধ্যে ৬ জন বিধায়ককেই এবারে আর সংশ্লিষ্ট কেন্দ্রে প্রার্থী করেনি আম আদমি পার্টি। তাদের বদলে বেছে নেওয়া হয়েছে অন্য নতুন মুখ। ভোটে লড়ার সুযোগ নেই। আর তাই বিধানসভা ভোটের দিন পাঁচেক আগে আপ ছাড়লেন বিধায়করা।

আপের সর্বভারতীয় কনভেনর অরবিন্দ কেজরিওয়ালকে লেখা চিঠিতে পালাম আসনের বিধায়ক ভাবনা গউর জানান, কেজরিওয়াল ও দলের উপর আস্থা হারিয়ে ফেলেছেন তিনি। একই সুরে সুর মেলান কস্তূর্বানগরের পদত্যাগী বিধায়ক মদন লাল। আলাদা চিঠিতে তিনিও কেজরিওয়ালকে উদ্দেশ্য করে লেখেন, "আম আদমি পার্টি ও আপনার উপর আস্থা হারিয়ে ফেলেছি। আর তাই দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিচ্ছি।"
ত্রিলোকপুরীর বিধায়ক রোহিত মেহরৌলা ও জনকপুরীর বিধায়ক রাজেশ ঋষি, মেহরৌলির বিধায়ক নরেশ যাদবও ইস্তফা দিয়েছেন দলের সদস্যপদ থেকে। বাকি দুজন হলেন, আদর্শ নগরের বিধায়ক পবন শর্মা ও বিজওয়াসনের বিধায়ক বিএস জুন। ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে এদের কাউকেও টিকিট দেয়নি আম আদমি পার্টি।
শুক্রবার ইস্তফা ঘোষণা করে নরেশ যাদব (Naresh Yadav) দলের সঙ্গে তাঁর মতবিরোধের বিষয়টি আরও উসকে দিয়েছেন। তাঁকে অনুসরণ করে আরও ৬ বিধায়কের ইস্তফা কার্যত বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালকে।
পরবর্তী সিদ্ধান্ত সম্পর্কে নরেশ যাদব কিছু না জানালেও, আপের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর মতানৈক্য ও দলের প্রতি হতাশা থেকেই এই ইস্তফা বলে মনে করা হচ্ছে। তবে তারা অন্য কোনও দলে যোগ দেবেন কিনা বা আসন্ন নির্বাচনে নির্দল হিসেবে লড়বেন কি না তা স্পষ্ট নয়।
বিধায়কদের ইস্তফা নিয়ে কোনও বিবৃতি দেয়নি আম আদমি পার্টিও। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এর ফলে আপের রাজনৈতিক অবস্থান আরও দুর্বল হবে। বিশেষত বিধানসভা ভোটের বৈতরণী পার করতে গিয়ে বেশ বেগ পেতে হতে পারে কেজরিওয়ালের দলকে। প্রসঙ্গত, আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন রয়েছে। ৭০ আসনের ভোটের ফলাফল জানা যাবে ৮ ফেব্রুয়ারি।












Click it and Unblock the Notifications