Delhi Polls: সোমে শেষ ল্যাপের প্রচার তুঙ্গে, বুধে দিল্লিতে ভোটগ্রহণের আগে পাল্লা ভারী কার?
Delhi Assembly Election 2025: বুধবার দিল্লিতে বিধানসভা নির্বাচন। সোমবার লাস্ট ল্যাপের প্রচার (Campaigning)। সোমবার বিকেল পাঁচটার মধ্যে শেষ করতে হবে সমস্ত হাইভোল্টেজ প্রচার। এরপর আর কোনও রাজনৈতিক প্রচার করা যাবে না। শেষদিনের প্রচারে পাল্লা ভারী কোন রাজনৈতিক দলের?
জানা গিয়েছে, সোমবার লাস্ট ল্যাপের প্রচারে ২২টি রোড শো রয়েছে বিজেপির (BJP)। দিল্লি শহর জুড়ে বিভিন্ন প্রান্তে পদযাত্রা রয়েছে কেন্দ্রের শাসকদলের। ২৫ বছরের খরা কাটিয়ে রাজধানীতে সরকার গড়ার আশায় মরিয়া হয়ে বিধানসভা ভোটের ময়দানে ঝাঁপিয়েছে বিজেপি।

অন্যদিকে, দিল্লিতে হ্যাটট্রিকের অপেক্ষায় শাসকদল আম আদমি পার্টি (Aam Aadmi Party)। বিভিন্ন সামাজিক প্রকল্প, ভাতা, অনুদানের উপর নির্ভর করে এবারের ভোটে জেতার মরিয়া চেষ্টা আপের। অন্যদিকে, ২০১৩ সালে দিল্লিতে ১৫ বছরের শাসনকালে ইতি টানতে হয়েছিল কংগ্রেসকে (Congress)। এবারের ভোটে হারানো জমি পুনরুদ্ধারে আদা জল খেয়ে নেমেছে কংগ্রেস। যদিও দিল্লিতে গত দুই বিধানসভা ভোটে তাদের ঝুলি খালিই থেকেছে।
দিল্লির ভোটের প্রচার পর্বে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে তৈরি বিভিন্ন ভিডিও, ছবি ও শর্ট ফিল্ম। যাঁর অধিকাংশই অতিরঞ্জিত বলে দাবি একাংশের। এছাড়ও রাজনীতির আক্রমণ, পাল্টা আক্রমণ হয়েছে বহুল।
পদযাত্রায় হেভিওয়েটদের প্রচারও নজর কেড়েছে। তবে সেসবে আজই ইতি। নির্বাচন কমিশনের (Election Commission of India) জারি আদর্শ আচরণবিধি (MCC) অনুযায়ী ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে সমস্ত জনসভা, নির্বাচনী অনুষ্ঠান ও প্রচার-স্লোগান বন্ধ করতে হবে।
সিনেমা, টিভি বা সংবাদমাধ্যমে বিজ্ঞাপনের মাধ্যমে প্রচারও বন্ধ করে দিতে হবে সোমবার বিকেল ৫টার মধ্যে। দিল্লিতে এবারের প্রচারপর্বে স্লোগান যুদ্ধ ছিল সবচেয়ে তাক লাগানোর মতো। বিজেপিকে 'ভারতীয় ঝুটা পার্টি' বলে নিশানা করে আপ। পাল্টা আপকে 'আপদ' কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে 'ঘোষণা মন্ত্রী' বলেও কটাক্ষ করতে ছাড়েননি মোদী।
৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন। ১৩ হাজার ৭৬৬টি বুথে ভোট দেবেন ১.৫৬ কোটি ভোটার। তাদের মধ্যে ৮৩.৭৬ লক্ষই পুরুষ, ৭২.৩৬ লক্ষ মহিলা ও ১২৬৭ ভোটার তৃতীয় লিঙ্গের।
ভোট প্রক্রিয়া মসৃণ করতে ৭৩৩টি বুথে বিশেষভাবে সক্ষমদের জন্য সুব্যবস্থা রাখা হয়েছে। এবারে দিল্লির ভোটে ত্রিমুখী লড়াই। রাজধানী দখলে মরিয়া আম আদমি পার্টি, বিজেপি ও কংগ্রেস। কার ভাগ্যের শিঁকে ছেঁড়ে, তা জানা যাবে ৮ ফেব্রুয়ারি ফলাফলের দিন।












Click it and Unblock the Notifications