Delhi Assembly Election 2025: দল বদলাতে ৭ বিধায়কের প্রত্যেককে ১৫ কোটি! বিজেপিকে নিশানা আপের
Delhi Assembly Election 2025: দিল্লি বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা শনিবার। প্রায় সব বুথফেরত সমীক্ষাই আভাস দিয়েছে, দিল্লিতে ২৭ বছর পর সরকার গড়তে চলেছে বিজেপি।
এরই মধ্যে বিজেপিকে নিশানা করল আম আদমি পার্টি। দল বদলের জন্য ৭ আপ নেতার প্রত্যেককে ১৫ কোটি টাকা অফার করা হয়েছিল। দাবি আপ নেতা সঞ্জয় সিংয়ের।

আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংয়ের দাবি, আপের যে ৭ বিধায়ককে দিল্লি বিধানসভা নির্বাচনে দাঁড় করানো হয়েছিল, তাঁদের প্রত্যেককে বিজেপি ১৫ কোটি টাকা করে অফার করেছিল। যদিও সঞ্জয়ের এই অভিযোগের প্রেক্ষিতে কোনও প্রতিক্রিয়া দেয়নি বিজেপি।
সঞ্জয় সিংয়ের দাবি, বিজেপি কয়েকজনকে অফার দিয়েছিল মুখোমুখি বৈঠক চলাকালীন। এতেই স্পষ্ট বিজেপি নির্বাচনের আগেই বুঝে গিয়েছিল তারা হারতে চলেছে। সে কারণেই অর্থের প্রলোভন দেখিয়ে বিধায়কদের দল বদলানোর মরিয়া চেষ্টা করেছে বিজেপি।
আপ সাংসদের দাবি, দলের তরফে নেতাদের আগেই জানানো হয়েছিল ফোনে কেউ কোনও প্রলোভন দেখালে, প্রস্তাব দিলে তা রেকর্ড করে রাখতে। এমনকী মুখোমুখি বৈঠকেও যদি এমন প্রস্তাব দেওয়া হয়, সেক্ষেত্রে স্পাই ক্যামেরা ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছিল বলে জানান তিনি।
এদিকে, দিল্লি বিধানসভা নির্বাচন নিয়ে আজ এগজিট পোল প্রকাশ করেছে টুডে'জ চাণক্য। ৭০ আসনের বিধানসভায় ম্যাজিক ফিগার ৩৬। টুডে'জ চাণক্যের বুথফেরত সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে ৪৫ থেকে ৫৭টি আসন। ৪৯ শতাংশ ভোট যেতে পারে গেরুয়া শিবিরে। আম আদমি পার্টি পেতে পারে ১৩ থেকে ২৫টি আসন। অন্যরা পেতে পারে সর্বাধিক ৩টি আসন।
সিএনএক্স এগজিট পোলেও বিজেপি ঝড়ের আভাস। এই বুথফেরত সমীক্ষা অনুযায়ী, বিজেপি পেতে পারে ৪৯ থেকে ৬১টি আসন। আপের ঝুলিতে যেতে পারে ১০ থেকে ১৯টি আসন। কংগ্রেস সর্বাধিক ১টি পেতে পারে।












Click it and Unblock the Notifications