কেরলে বর্ষার প্রবেশে দেরি! কেমন থাকতে চলেছে জুনের আবহাওয়া, একনজরে পূর্বাভাস
এই সপ্তাহের শুরুতে আবহাওয়া দফতর জানিয়েছিলেন, এবার কেরলে বর্ষার প্রবেশে দেরি হবে। সম্ভবত ৪ জুন থেকে কেরলে বর্ষা শুরু হতে পারে বলে জানিয়েছিল আবহাওয়া দফতর। সাধারণভাবে কেরলে বর্ষার শুরু হয়ে থাকে ১ জুন থেকে।
আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, এই বছর কেরলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশে কিছুটা দেরি হতে পারে। কেরলে বর্ষা শুরুর সম্ভাবনা ৪ জুন থেকে। আরও বলা হয়েছে, ২০০৫ থেকে ২০২২-এর মধ্যে কেবল মাত্র ২০১৫ সাল বাদ দিয়ে কেরলে মৌসুমী বায়ু শুরুর তারিখের ভবিষ্যদ্বাণী সঠিক ছিল।

গতবছর কেরলে বর্ষা শুরু হয়েছিল ২৯ মে। ২০২১-এ ৩ জুন এবং ২০২০ সালে ১ জুন। ২০১৮ সালে বর্ষা শুরু হয়েছিল ২৯ মে। সাম্প্রতিক সময়ে কেরলে বর্ষা শুরু সব থেকে দেরি হয়েছিল ২০১৯-এ। ওই বছর কেরলে বর্ষা শুরু হয়েছিল ৪ জুন।
এবার কেরলে যে বর্ষা শুরুতে দেরির আবহাওয়া দফতরের পূর্বাভাসের সঙ্গে একমত বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেট। তারা জানিয়েছেন এবার কেরলে বর্ষা শুরু হতে পারে ৭ জুনের মধ্যে। তারা আরও বলেছে, একদিকে যেমন বর্ষার শুরুতে দেরি হবে, অন্যদিকে দক্ষিণ ভারতে এর অগ্রগতিও বেশ কিছুটা মন্থর হবে। কেরলে বর্ষা শুরুতে দেরির বিষয়টি স্বাভাবিক বলছে স্কাইমেট।

বেসরকারি আবহাওয়া সংস্থার তরপে বলা হয়েছে, জুন মাসে দেশের মধ্য এবং উত্তরাঞ্চল জুন পর্যন্ত গরম আবহাওয়া থাকবে। বর্ষার এই দেরি ধান ছাড়াও আদা ও কলার মতো ফসলের ওপর প্রভাব ফেলতে পারে বলে শঙ্কা আবহাওয়া দফতরের। এই বর্ষা ধান ও গম ছাড়াও তুলা, আখ, সয়াবিন এবং চিনাবাদামের মতো ফসলকেও প্রভাবিত করে।
কেরলে সাধারণভাবে বর্ষার প্রবেশ করেন ১ জুন বা তার আশপাশের সময়ে। তবে এই তারিখের সাত দিন এদিক-ওদিক হওয়াটা স্বাভাবিক, বলছে আবহাওয়া দফতর। ভারতে চারমাসের এই বর্ষায় দেশের বার্ষিক বৃষ্টিপাতের ৭৫ শতাংশ পূরণ করে।

আপাতত ভারতের অন্য অংশে বর্ষা শুরু নিয়ে বিশেষ কোনও তথ্য দিতে পারেনি আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছে, দিল্লি-এনসিআর-এ এদিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী ৫ দিনের মধ্যে উত্তর-পূর্ব ও পূর্ব ভারতের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ২১ মে পর্যন্ত পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তর-পূর্ব ভারতে শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications