রাজনৈতিক কচকচানির মধ্যেই নথিতে নজর! ইউপিএ-র চেয়ে এনডিএ জমানায় কমেছে রেল দুর্ঘটনা
Train Accidents In India: করমণ্ডল এক্সপ্রেস থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। রেল দুর্ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদের তোপের মুখে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
রেলমন্ত্রীর পদত্যাগ দাবি থেকে শুরু করে এনডিএ সরকারের আমলে ২০১৪ থেকে রেলের অবস্থার ক্রমাবনতি হয়েছে বলে সরব বিরোধী রাজনৈতিক দলগুলি। কিন্তু সত্যিই কি তাই?

সরকারি নথির ভিত্তিতে সর্বভারতীয় সংবাদমাধ্যমে ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইউপিএ সরকারের শেষ ১০ বছরের তুলনায় মোদী সরকারের আমলে ২০১৪ থেকে ২০২৩ অবধি অনেকটাই কমেছে দেশে রেল দুর্ঘটনার সংখ্যা। উল্লেখ্য, গতকাল রাঙাপানির কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন দিকে মালগাড়ি ধাক্কা মারায় সরকারিভাবে ১০ জনের মৃত্যু হয়েছে।
২০০৪ থেকে ২০১৪ সাল অবধি ইউপিএ সরকারের আমলে ভারতে রেল দুর্ঘটনার মোট সংখ্যা ১,৭১১। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার ক্ষমতায় আসার পর ২০১৪ থেকে ২০২৩ সালের মার্চ মাস অবধি রেল দুর্ঘটনার সংখ্যা অর্ধেকেরও কম। সরকারি নথি অনুযায়ী, সেই সংখ্যা ৬৩৮।
ইউপিএ-র শেষ ১০ বছরে রেল দুর্ঘটনায় মারা গিয়েছেন ২,৪৫৩ জন। আহত হয়েছেন ৪,৪৮৬ জন। এনডিএ সরকারের জমানায় প্রথম ৯ বছরে জীবনহানির সংখ্যা ৭৮১, আহত হয়েছেন ১,৫৪৩ জন। ২০০২ থেকে ২০১৪ অবধি ট্রেন বেলাইনের ঘটনা ঘটেছে ৮৬৭টি। ২০১৪ থেকে ২০২৩ অবধি সেই সংখ্যা কমে হয়েছে ৪২৬।
ইউপিএ জমানায় বার্ষিক রেল লাইনচ্যূত হওয়ার গড় ছিল ৮৬.৭। সেই গড় ২০১৪ থেকে ২০২৩ অবধি হয়েছে ৪৭.৩। ইউপিএ সরকারের আমলে রেল দুর্ঘটনার গড় যেখানে ছিল ১৭১, সেখানে তা মোদী সরকারের প্রথম ১০ বছরে কমে হয়েছে ৭১। ২০০০-০১ থেকে ২০২২-২৩ অবধি ট্রেন বেলাইন হওয়ার গড়ও ৩৫০ থেকে নেমে এসেছে ৩৬-এ।
প্রতি মিলিয়ন ট্রেন কিলোমিটারে রেল দুর্ঘটনার গড় ২০০৪-০৫ অর্থবর্ষে ছিল ০.২৯, তা ২০১৩-১৪-তে হয় ০.১০। এনডিএ জমানায় তা ২০১৪-১৫ অর্থবর্ষের ০.১১ থেকে কমে ২০২৩ সালের মার্চে হয়েছে ০.০৩৭।
রেল লাইন নবীকরণের জন্য এনডিএ জমানায় গত ৯ বছরে বার্ষিক বরাদ্দ করা হয়েছে ১০,২০১ কোটি টাকা। ইউপিএ জমানার শেষ ১০ বছরে তা ছিল ৪,৭০২ কোটি টাকা। ২০১৪ থেকে ২০২৩ অবধি ভারতীয় রেলকে যাত্রী সুরক্ষার জন্য বাজেট অনুমান-সহ ১,৭৮,০১২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই খাতে বার্ষিক বরাদ্দের গড় ১৭,৮০১ কোটি। যা ইউপিএ জমানার তুলনায় আড়াই গুণ বেশি।












Click it and Unblock the Notifications