Cyclone Remal: সন্ধেয় সাগরদ্বীপ থেকে ১২৫ কিমি দূরে ঘূর্ণিঝড় রেমাল! জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী মোদী
Cyclone Remal: উত্তর দিকে এগিয়ে চলেছে ঘূর্ণিঝড় রেমাল। সন্ধে সাড়ে পাঁচটা নাগাদ এর অবস্থান ছিল সাগরদ্বীপ থেকে ১৩০ কিমি পূর্ব-দক্ষিণ-পূর্বে। আবহাওয়া দফতরের অনুমান, মধ্যরাতে বাংলাদেশের মোংলা বন্দরের কাছে আছড়ে পড়বে রেমাল। সেই সময় এর বেগ থাকতে পারে ঘন্টায় সর্বোচ্চ ১৩৫ কিমি।
বাংলাদেশে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে। তবে রেহাই পাচ্ছে না কলকাতা। এদিন রাজ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় লাল সতর্কতা জারি করা হয়েছে। সোমবারের জন্য লাল সতর্কতা রয়েছে নদিয়া ও মুর্শিদাবাদে।

রাজ্যপালের পরামর্শ
রাজ্যপাল সিভি আনন্দ বোস ঘূর্ণিঝড় রেমাল নিয়ে রাজ্যবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি তিনি এসওপি মেনে চলার পরামর্শও দিয়েছেন। তিনি নিবিড়ভাবে পরিস্থিতির পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছে। ঘূর্ণিঝড়ের মোকাবিলায় রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিশেষজ্ঞদের সঙ্গে অমিবার যোগাযোগ রেখে চলেছেন বলেও জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর পর্যালোচনা বৈঠক
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘূর্ণিঝড় মোকাবিলা নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন। তিনি আধিকারিকদের সঙ্গে কথা বলে প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর করেন।
রয়েছে এনডিআরএফ
পরিস্থিতি মোকাবিলায় পশ্চিমবঙ্গে এনডিআরএফের অনেকগুলি দল মোতায়েন করা হয়েছে। এনডিআরএফের পূর্বাঞ্চলের কমান্ডার গুরমিন্দর সিং বলেছেন, মধ্যরাতে স্থলভাগে আছড়ে পড়তে চলেছে। সেই সময় ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় সর্বোচ্চ ১৩৫ কিমি। দক্ষিণবঙ্গে এনডিআরএফের চোদ্দোটি দল মোতায়েন করা হয়েছে। তবে এটি আম্ফান ঘূর্ণিঝড়ের মতো হবে না বলেই মনে করছেন আবহবিদরা।
তৎপরতা বাংলাদেশেও
সাম্প্রতিক সময়ে অন্য ঘূর্ণিঝড়গুলির মতো রেমালও আছড়ে পড়তে চলেছে বাংলাদেশে। যে কারণে বাংলাদেশের উপকূল এলাকা থেকে বহু লোককে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মহঃ মহিবুর রহমান। চার হাজার সাইক্লোন সেন্টার তৈরি রাখা হয়েছে। সামাজিক, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানকেও অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। সেখানে বিভিন্ন বিভাগের কর্মী ও আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে।












Click it and Unblock the Notifications