মন্থা ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্তের পূর্বাভাস, জারি সতর্কতা
ফের অশনি সংকেত বঙ্গোপসাগরে, ভারতীয় আবহাওয়া দপ্তর তথা আইএমডি জানিয়েছে, চলতি সপ্তাহেই সাগরে তৈরি হওয়া নিম্নচাপ ঘনীভূত হয়ে এক গভীর নিম্নচাপ তৈরি হওয়ার পরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আবহাওয়া দপ্তরের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, ২৬ অক্টোবরের মধ্যে এটি গভীর নিম্নচাপে রূপ নেবে ও তা ২৭ অক্টোবর সকাল নাগাদ দক্ষিণ-পশ্চিম ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে 'ঘূর্ণিঝড় মন্থা ' হিসেবে দেখা দিতে পারে।
ইতিমধ্যেই তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের উপকূলে জারি হয়েছে সাগর উত্তাল, বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সতর্কতা। সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্যজীবীদের জন্য।

'মন্থা' নামের পেছনের গল্প থাইল্যান্ডের প্রস্তাবিত এই নামের অর্থ "সুগন্ধি ফুল" বা "অলংকৃত ফুল"। উত্তর ভারত মহাসাগরের ঘূর্ণিঝড়গুলির নামকরণের দায়িত্বে রয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা ডব্লিউএমও ও ইএসসিএপি-এর যৌথ প্যানেল। এই প্যানেলে রয়েছে ১৩টি দেশ, বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরশাহী ও ইয়েমেন। প্রতিটি দেশই ঘূর্ণিঝড়ের জন্য নামের তালিকা দেয়, যা পর্যায়ক্রমে ব্যবহার করা হয়, যাতে চিহ্নিত করা, সতর্কতা জারি ও নজরদারি সহজ হয়।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৬ অক্টোবর তামিলনাড়ু, পুদুচেরি ও কারাইকালে একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, কিছু এলাকায় বজ্রঝড় ও বিদ্যুৎ চমকানোর সম্ভাবনা রয়েছে।
চেন্নাই, কাঞ্চিপুরম, তিরুভাল্লুর, চেঙ্গালপাট্টু, রানিপেট, বিল্লুপুরম ও পুদুচেরি জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা।
পাশাপাশি আগামী ২৭ অক্টোবর একই রকম পরিস্থিতি অব্যাহত থাকবে। ভারী বৃষ্টি হতে পারে চেন্নাই, কাঞ্চিপুরম, তিরুভাল্লুর, চেঙ্গালপাট্টু ও রানিপেটে। ২৮ থেকে ২৯ অক্টোবর তামিলনাড়ু ও সংলগ্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। মৎসজীবীদের পরামর্শ দেওয়া হয়েছে ২৪ অক্টোবরের মধ্যেই উপকূলে ফিরে আসুন, কারণ গালফ অফ মান্নার ও কোমোরিন উপকূলে সমুদ্র হবে অতি উত্তাল।
এছাড়াও বঙ্গোপসাগরের পাশাপাশি আরব সাগরেও সক্রিয় একটি নিম্নচাপ। আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট অনুযায়ী, পূর্ব-মধ্য আরব সাগরে অবস্থানরত নিম্নচাপটি ইতিমধ্যেই একটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, যা বর্তমানে ঘণ্টায় ২৫ কিমি বেগে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এর অবস্থান গোয়ার পশ্চিম থেকে দক্ষিণপশ্চিমে ৩৮০ কিমি, লক্ষদ্বীপের আমিনিদিভির উত্তর-পশ্চিমে ৪০০ কিমি, ও মঙ্গালুরু থেকে প্রায় ৪৮০ কিমি দূরে।
আগামী ২৪ ঘণ্টা এটি আরও উত্তর-পূর্বদিকে অগ্রসর হতে পারে বলে আশঙ্কা। যদিও মডেলগুলির মধ্যে কিছু অমিল থাকায়, এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, তা এখনও নিশ্চিত নয়।
বঙ্গোপসাগর থেকে আরব সাগর দুদিকেই সক্রিয় নিম্নচাপের কারণে, উপকূলবর্তী রাজ্যগুলিতে জারি হয়েছে উচ্চ সতর্কতা। আবহাওয়াবিদদের পরামর্শ আগামী কয়েকদিন মৎসজিবীদের সমুদ্রে নামতে বিধি নিষেধ জারি করা হয়েছে, আর স্থানীয় প্রশাসন ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে ।












Click it and Unblock the Notifications