Cyclone Mocha: ২৪ ঘন্টার মধ্যেই তৈরি হবে ঘূর্ণিঝড় মোখা, উপকূলে আছড়ে পড়বে ১৪ মে! একনজরে আবহাওয়ার আপডেট
বুধবার ১০ মে নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে ঘূর্ণিঝড় মোখা তৈরি হতে চলেছে। আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিনে এমনটাই জানানো হয়েছে। এই ঘূর্ণিঝড় ১২ মে সকাল পর্যন্ত উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ১৪ মে নাগাদ তা বাংলাদেশ- মায়ানমার উপকূলে আছড়ে পড়ে পারে।
আবহাওয়া দফতর বিবৃতিতে জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ১০ মে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর, পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে ওপরে ঘূর্ণিঝড় তৈরির পরে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা। তারপর তা উত্তর-পূর্বে অগ্রসর হতে পারে।

আইএমডির মহানির্দেশক মৃত্যুঞ্জয় মহাপাত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সম্ভবত মঙ্গলবার সন্ধের মধ্যে নিম্নচাপ এলাকা থেকে নিম্নচাপ তৈরি হবে এবং বুধবার নাগাদ তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। যে কারণে তিনি মৎস্যজীবী থেকে শুরু করে ছোট জাহাজ, ট্রলারগুলিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে না যেতে বলেছেন, যাঁরা গিয়েছেন, তাঁদের ফিরে আসতে অনুরোধ করেছেন।
ভারতের আবহাওয়া দফতরের মহানির্দেশক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি প্রথামিকভাবে উত্তর ও উত্তর-পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে অগ্রসর হবে ১১ মে পর্যন্ত। তারপর তা বাঁক নিয়ে উত্তর ও উত্তর-পূর্বে বাংলাদেশ ও মায়ানমার উপকূলের দিকে যাবে।

তিনি আরও জানিয়েছেন, মঙ্গলবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং আন্দামান সাগরে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় ৫০ থেকে ৬০ কিমি হতে পারে। এদিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। এছাড়াও পর্যটন এবং অন্য ক্রিয়াকলাপের নিয়ন্ত্রণের কথাও জানিয়েছিল হাওয়া অফিস।












Click it and Unblock the Notifications