Cyclone Michaung: অন্ধ্রের নেল্লোরের কাছে ল্যান্ডফল হতে চলেছে ঘূর্ণিঝড়ের, খবর নিলেন অমিত শাহ
সময় যত এগোচ্ছে তত দাপট বাড়ছে ঘূর্ণিঝড় মিগজাউমের। তীব্র হচ্ছে বর্ষণ। সোমবার রাতে আরও শক্তিবাড়িয়ে সেটি ধেয়ে আসবে উপকূলের দিকে। চেন্নাই থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থান করছে সেটি। তাতেই বিপর্যস্ত দশা চেন্নাইয়ের।
আগামীকাল অর্থাৎ মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের নেল্লোরের কাছে ল্যান্ডফল করার কথা ঘূর্ণিঝড় মিগজাউমের। তার তীব্রতা আজরাতে প্রবল আকার নেবে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দফতর। ইতিমধ্যেই তামিলনাড়ু এবং চেন্নাইয়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

আগামীকাল চেন্নাইয়ে বৃষ্টির দাপট কমবে। কিন্তু অন্ধ্র উপকূলে তীব্রতা বাড়বে বর্ষণের। চেন্নাইয়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে একাধিক জেলায়। এদিকে অন্ধ্রপ্রদেশের উত্তরের উপকূলবর্তী জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। রায়লসীমার একাধিক জেলায় লাল সতর্কতা আগেই জারি করেছে আবহাওয়া দফতর। আই এমডি সূত্রে খবর আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে রাজ্যগুলিতে।
তামিলনাড়ু এবং অন্ধ্র প্রদেশ ছাড়াও ওড়িশা এবং পণ্ডীচেরীতে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে। ইতিমধ্যেই তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের টিম কাজ করছে। প্রস্তুত রাখা হয়েছে নৌসেনা এবং সেনা বাহিনীকেও। এদিকে পরিস্থিতি নিয়ে খোঁজ নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি ঘূর্ণিঝড় মোকাবিলার ব্যবস্থাপনা নিয়ে কথা বলেছেন দুই রাজ্যের সঙ্গেই।












Click it and Unblock the Notifications