পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অন্তিম যাত্রা, নির্দিষ্ট প্রোটোকল মেনে কবে হবে মনমোহন সিংয়ের শেষকৃত্য?
প্রয়াত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বৃহস্পতিবার তাঁকে ভর্তি করানো হয় দিল্লির এইমসে। রাত ৮টা নাগাদ তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালের জরুরি বিভাগে। সবরকম প্রচেষ্টার পরেও শেষ রক্ষা হয়নি। হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯২ বছর। দীর্ঘদিন ধরেই বয়স জনিত রোগে ভুগছিলেন তিনি।
সম্প্রতি হারিয়েছিলেন চলন ক্ষমতা। হুইল চেয়ারে আবদ্ধ হয়ে পড়েছিল দেশের দুবারের প্রধানমন্ত্রীর জীবন। তাঁর চলে যাওয়া ভারতীয় রাজনীতি এবং অর্থনৈতিক ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজনৈতিক মহলের তাবড় ব্যক্তিত্বরা।

শুক্রবার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মরদেহ দিল্লির মতিলাল নেহেরু মার্গে তাঁর বাসভবনে রাখা হয়েছে। বৃহস্পতিবার রাত্রেই এইমস থেকে তাঁর দেহ নিয়ে আসা হয় বাসভবনে। অন্তিম দর্শনের জন্য মনমোহন সিংয়ের দেহ রাখা হয়েছে সেখানে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন বিশিষ্ট থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই।
শনিবার সকাল ৮.৩০ এ প্রথমে মরদেহ নিয়ে যাওয়া হবে কংগ্রেস সদর কার্যালয়ে, সেখানে শেষ শ্রদ্ধা জানানোর পর ৯.৩০ নাগাদ অসংখ্য অনুগামী এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে শবযাত্রা পৌঁছবে শ্মশানে। এরপর সেখানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাহ করা হবে মনমোহন সিংয়ের মরদেহ।
দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে সাত দিনের রাষ্ট্রীয় শোক জারি করেছে কেন্দ্রীয় সরকার। আগামী এক সপ্তাহ সব সরকারি প্রতিষ্ঠানে তেরঙ্গা অর্ধনমিত থাকবে। তবে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন করার জন্য রয়েছে বেশ কিছু নির্দিষ্ট প্রটোকল।
দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দেহকে ভারতের জাতীয় পতাকা অর্থাৎ তিরঙ্গায় মুড়িয়ে সম্মান জানানো হবে। শ্মশান যাত্রায় যাওয়ার পর ২১ টি বুলেটের গান স্যালুট দেওয়া হবে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। এই গান স্যালুট সর্বোচ্চ রাষ্ট্র মর্যাদাকে চিহ্নিত করে।
শ্মশান যাত্রায় শামিল থাকবেন সামরিক ব্যান্ডের সদস্য এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা। শোভাযাত্রার মাধ্যমে অন্তিম যাত্রা সম্পন্ন হবে।প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা জানাতে শ্মশানে উপস্থিত থাকবেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী সহ শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিশিষ্টরা।
- কোথায় হবে মনমোহন সিংয়ের অন্তিম ক্রিয়াকর্ম?
দিল্লির ঐতিহ্যবাহী রাজঘাটে দাহ করা হয়েছিল দেশের অপর প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর মরদেহ। দিল্লির এই বিশেষ স্মারক স্থানে দাহ করা হবে মনমোহন সিংয়ের পার্থিব শরীর।












Click it and Unblock the Notifications