Maharashtra Election: মহারাষ্ট্রে ১২ টি আসনে প্রার্থী দিতে চায় সিপিএম, সমস্যায় পড়েছেন পাওয়ার, উদ্ভব ঠাকরেরা
নভেম্বর মাসে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। বিরোধীদের জোট ও আসন বন্টন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। তার মধ্যেই নতুন করে সমস্যায় পড়েছেন শরোদ পাওয়ার, উদ্ভব ঠাকরেরা। কারণ, সিপিআই(এম) মহারাষ্ট্রে নির্বাচনে লড়াই করবে। শুধু তাই নয়, ১২ টি বিধানসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী দেবে। এই কথাও জানা যাচ্ছে।
মহারাষ্ট্র বিকাশ আঘাদি (এমভিএ) বিরোধীদের জোট। কংগ্রেস, এনসিপি, উদ্ভব ঠাকরের দল মুখ্য ভূমিকায় আছেন। এছাড়াও বিজেপি বিরোধী অন্যান্য শক্তিও আছে এই জোটে। এবারের বিধানসভা নির্বাচনে জোট ভিত্তিক লড়াই হবে শাসক দলের বিরুদ্ধে৷ এই কথা বলা হয়েছে।

অক্টোবরের শুরুতেই বিরোধী শিবিরে দেখা গেল সমস্যা। বিরোধীদের জোট প্রক্রিয়ায় আসন বন্টন এখনও পরিষ্কার হয়নি। আসন বণ্টন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হচ্ছে না৷ এদিকে সময় পেরিয়ে যাচ্ছে। প্রার্থীদের তালিকা প্রকাশ থেকে প্রচার সবই পিছিয়ে যাচ্ছে৷ এই অবস্থায় ১২ টি আসনে লড়াইয়ের কথা জানিয়ে দিল সিপিএম।
মহারাষ্ট্রের সিপিআই(এম) রাজ্য সম্পাদক ড. উদয় নরকার এই বার্তা দিয়েছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভোট সংক্রান্ত বক্তব্য রেখেছেন তিনি। উদয় নরকার বলেন, " ২০১৯ সালের নির্বাচনে আমরা আটটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমরা ডাহানুতে জিতেছি। কালওয়ানে খুব কাছাকাছি দ্বিতীয় ছিলাম। অন্যান্য এলাকায় শক্তিশালী সমর্থন পেয়েছি। এবার, আমরা ডাহানু, কালওয়ান, সোলাপুর সিটি সেন্ট্রাল সহ ১২ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করেছি।"
নাসিক পশ্চিম, আকোলে, কিনওয়াট, পাথরি, মাজালগাঁও, ডিন্ডোরি, ইগাতপুরি, বিক্রমগড় এবং শাহাপুর এলাকায় সিপিএম প্রার্থী দেবে৷ এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নরকার জানিয়েছেন, দল সক্রিয়ভাবে এই সব অঞ্চলে আন্দোলন সংগঠিত করছে। ভোটাররা তাদের গ্রহণ করবেন।
এমভিএ জোটে সিপিএমও আছে। ২০২৪ সালে মহারাষ্ট্রে সিপিএম একটি আসনে লড়তে চেয়েছিল। কিন্তু জোটের নিরিখে আসন দেওয়া হয়নি। সিপিএম সরেও দাঁড়ায় নির্বাচন থেকে। ২০২৪ সালে বিধানসভা নির্বাচনে সিপিএম লড়বে। সেই প্রতিশ্রুতি তারা পেয়েছিল বলে দাবি সিপিএম নেতৃত্বের। সে কারণে সিপিএম এখনও জোটের উপর আস্থা রেখেছে। অপেক্ষাও করছেন নেতৃত্ব।
সিপিএমের এই বক্তব্য জোট রাজনীতিতে ধাক্কা দিতে পারে। শাসক দলের ক্ষেত্রে কিছুটা সুবিধা হতে পারে। এই কথা মনে করছে ওয়াকিবহাল মহল। এনসিপি নেতা শরোদ পাওয়ার আগেই জানিয়েছেন, আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত কথাবার্তা চলছে। আগামী ১০ দিনের মধ্যেই আসন বন্টন বিষয়ে বার্তা দেওয়া হবে। প্রাথমিকভাবে প্রায় ১৩০ টি আসনে বিরোধীরা ঐক্যমতে পৌঁছেছে। এই কথা জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications