এবার লকডাউনের পথে হাঁটতে পারে কর্ণাটকও! করোনার বাড়বাড়ন্তের মাঝে হুঁশিয়ারি ইয়েদুরাপ্পার
প্রয়োজনে জারি করা হবে লকডাউন। এবার এই হুঁশিয়ারি দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। তিনি বলেন, 'মানুষকে আরও সচেতন হতে হবে। তারা নিয়ম মেনে না চললে আমাদের কঠোর পদক্ষেপ নিতে হবে।' উল্লেখ্য, কর্নাটকে এই প্রথমবার দৈনিক করোনা সংক্রমণ পার করল দশ হাজারের গণ্ডি৷ আজ সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ২৫০৷ যার মধ্যে শুধুমাত্র বেঙ্গালুরুতেই করোনা আক্রান্ত হয়েছেন ৭,৫৮৪ জন৷

কর্নাটকের এমন ভয়াবহ পরিস্থিতির দিকে তাকালে বুঝতে কোনও অসুবিধা হবে না যে, এই রাজ্যে যে পরিমাণ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন তার সিংহভাগ মানুষই বেঙ্গালুরুর৷ শনিবার পর্যন্ত কর্নাটকে করোনা পজিটিভের হার ছিল ৭.৭২ শতাংশ এবং মৃত্যুর হার ছিল ০.৩৯ শতাংশ৷
রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, 'শনিবারে করোনা পজিটিভ সংখ্যাটি হল ১০ হাজার ২৫০৷ এখনও পর্যন্ত এই রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১০,৬৫,২৯০ জন এবং এখনও অবধি মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৬৯ হাজার ২২৫৷ মোট সুস্থ হয়ে উঠেছেন ৯,৮৩,১৫৭ জন এবং আজ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২,৬৩৮ জন৷'
২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৪০ জনের৷ যার মধ্যে ২৭ জনই বেঙ্গালুরুর৷ গোটা এক বছরের নিরিখে এই রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছে ৪,১৮৫ জন৷ তবে যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে ও একের পর এক করোনা আক্রান্তের সংখ্যা রেকর্ড ভাঙছে, তাতে কপালে ভাঁজ পড়েছে বিশেষজ্ঞদের৷












Click it and Unblock the Notifications