নতুন সংসদ ভবনের উদ্বোধনকে ঘিরে বিতর্ক! বিরোধীদের মোকাবিলায় ইন্দিরা-রাজীবের উদাহরণ টানলেন মন্ত্রী
রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধন হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই উদ্বোধন করবেন। কিন্তু প্রধানমন্ত্রীর এই উদ্বোধনী করা নিয়ে শাসক বিজেপি আর বিরোধীদের মধ্যে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের প্রশ্ন, কেন রাষ্ট্রপতিকে দিয়ে নতুন সংসদ ভবনের উদ্বোধন করা হবে না। উত্তর দিয়েছে বিজেপি।
কেন্দ্রীয় সরকার তরফে নতুন সংসদ ভবনের উদ্বোধন নিয়ে জমকালো অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে। আচার অনুষ্ঠানটি শুরু হবে সকালে। আর মূল অনুষ্ঠানটি হবে সকাল ১১.৩০টায়। এর মধ্যে থাকছে স্তোস্ত্র পাঠ এবং পুজো। বিরোধীরা এই অনুষ্ঠান থেকে দূরে থাকার হুঁশিয়ারি দিয়েছে। যা নিয়ে বিজেপিও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।

এখনও পর্যন্ত সরকারের বিরুদ্ধে সব থেকে তীব্র আক্রমণ এসেছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের থেকে। তিনি কটাক্ষ করে বলেছেন, শুধুমাত্র নির্বাচনী কারণে দলিত ও উপজাতি সম্প্রদায়ের মধ্যে থেকে রাষ্ট্রপতি নির্বাচন করা হয়। একইসঙ্গে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে আমন্ত্রণ না জানানোর প্রসঙ্গও টেনেছেন।
কংগ্রেস সভাপতি বলেছেন, সংসদ হল ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইনসভা। আর রাষ্ট্রপতি হলেন সর্বোচ্চ সাংবিধানিক কর্তৃত্ব। তিনিই ভারতের প্রথম নাগরিক। আর তিনিই সরকার, বিরোধী দল এবং প্রত্যেক নাগরিকের প্রতিনিধিত্ব করেন বিশ্বের দরবারে। তিনি নতুন সংসদ ভবন উদ্বোধন করলে তা গণতান্ত্রিক মূল্যবোধ আর সাংবিধানিক অধিকারের প্রতি সরকারের প্রতিশ্রুতির প্রতীক হবে।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী আগে বলেছিলেন, নতুন সংসদ ভবনের উদ্বোধন রাষ্ট্রপতির হাতে হওয়া উচিত। এরপর শশী তারুর, মনীশ তিওয়ারির মতো দলের সাংসদ থেকে সিনিয়র নেতারা সেই কথাই বলেছিলেন। তাঁরা বলেছিলেন সংবিধান অনুসারে রাষ্ট্রপতিই সংসদের প্রধান।
এর পাশাপাশি সিপিআই-এর ডি রাজা, এআইএমআইএম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়াইসি এবং আরজেডির মনোজ কুমার ঝা-সহ অন্য বিরোধী নেতারা প্রধানমন্ত্রীর হাতে নতুন সংসদ ভবন উদ্বোধনের পরিকল্পনার সমালোচনা করেছিলেন।
এদিকে বিরোধীদের পাল্টা আক্রমণে সামিল হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী থেকে বিজেপির শীর্ষ নেতারা। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী বিরোধী নেতারা সংবিধান থেকে ভুল উদ্ধৃতি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন। তিনি প্রশ্ন করেছেন, কেন বিরোধীরা সকল গণতন্ত্রের জননী হিসেবে নতুন ভারতের মন্দির হিসেবে মূল্যবান সম্পদের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন না?
কংগ্রেসের প্রতিবাদকে ভণ্ডামি বলে কটাক্ষ করে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী বলেছেন, ১৯৭৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পার্লামেন্ট অ্যানেক্সের উদ্বোধন করেছিলেন। পরবর্তী সময়ে তাঁর পুত্র রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাকার সময় সংসদের লাইব্রেরির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।

প্রসঙ্গত ২০২০-র গ্রীষ্মে দেহে প্রবল করোনা সংক্রমণ আর লকডাউনের মধ্যে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের শিলান্যাস করা হয়েছিল। সেই সময় বিরোধীরা এই প্রকল্পের ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কোভিডের বিপর্যয় থেকে বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করা যেত বলেও মন্তব্য করেছিলেন তাঁরা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও লোকসভার স্পিকার ওম বিড়লা উদ্বোধনের সময় উপস্থিত থাকবেন। ঠিক যেভাবে ২০২০-তে এর ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান হয়েছিল, উদ্বোধনী অনুষ্ঠানও তারই আদলে হবে।












Click it and Unblock the Notifications