প্রধানমন্ত্রী মোদী বিতর্ক থেকে পালাচ্ছেন! সংসদের নিরাপত্তা লঙ্ঘন নিয়ে জয়রাম রমেশ আর কী বললেন
শেষ পর্যন্ত সংসদের নিরাপত্তা লঙ্ঘন নিয়ে মুখ খুলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বিষয়টিকে উদ্বেগজনক বলেছেন। কংগ্রেস নেতা জয়রাম রমেশ প্রধানমন্ত্রীকে নিশানা করে বলেছেন, তিনি এব্যাপারে বিতর্ক থেকে পালিয়ে বেড়াচ্ছে।
কংগ্রেস নেতা আরও বলেছেন, ইন্ডিয়া ব্লকের সব দল বুধবার ১৩ ডিসেম্বর কী ঘটেছিল এবং কীভাবে তা ঘটেছিল তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেছে। ভবিষ্যতে এই দাবি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

মহীশূরের বিজেপি সাংসদের দেওয়া পাশ নিয়ে দুই যুবক সাগর শর্মা ও মনোরঞ্জন ডি ঢুকেছিলেন সংসদে। তারা সেখানে স্মোক ক্যান থেকে স্প্রে করে। এব্যাপারে জয়রাম রমেশ বলেছেন, ১৩ ডিসেম্বর লোকসভায় দুই যুবকের প্রবেশে সাহায্য করেছিলেন মহীশূরের বিজেপি সাংসদ। বিজেপি সাংসদ প্রতাপ সিমার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হবে বলে জানিয়েছেন জয়রাম রমেশ।
প্রধানমন্ত্রী মোদী এদিন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ১৩ ডিসেম্বর সংসদে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনাকে উদ্বেগজনক বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, এব্যাপারে বিতর্ক বা প্রতিরোধের পরিবর্তে বিষয়টির গভীরে যাওয়া প্রয়োজন।
তিনি আরও বলেছেন, সংস দের নিরাপত্তায় ত্রুটির বিষয়টি নিয়ে বিরোধীরা কেন্দ্রীয় সরকারকে কাঠগড়েয় দাঁড় করাচ্ছে। অধ্যক্ষ ওম বিড়লা এব্যাপারে গুরুত্ব সহকারে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে তদন্তকারী সংস্থাগুলি কঠোরভাবে তদন্ত চালাচ্ছে।
প্রসঙ্গ ক্রমে উল্লেখ করা যেতে পারে ১৩ ডিসেম্বর সংসদের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় দিল্লি পুলিশ এখনও পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করেছে। ঘটনার দিন সংসদের মধ্যে থেকে সাগর শর্মা ও মনোরঞ্জন ডি এবং বাইরে থেকে নীলম দেবী এবং অমল শিন্ডেকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় অন্যতম অভিযুক্ত ললিত ঝাকে একদিন পরে গ্রেফতার করা হয়। রবিবার গ্রেফতার করা হয়েছে ষষ্ঠ অভিযুক্ত মহেশ কুমাওয়াতকে।












Click it and Unblock the Notifications