১০ টাকার নুন বিকোচ্ছে ৩০ টাকায়, বেসনের দাম বেড়ে ১৭০! মূল্যবৃদ্ধি নিয়ে বিজেপিকে তোপ কংগ্রেসের
মূল্যবৃদ্ধির গেরোয় দেশের মানুষ। আকাশ ছোঁয়া দাম সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের। এমনকি বাজারে গিয়েও শাক-সবজি কিনতে গিয়ে হাত পুড়ছে আমজনতার। গত কয়েকদিন আগেই এই ইস্যুতে কড়া ভাষায় নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার মূল্যবৃদ্ধির তালিকা তুলে ধরে কেন্দ্রীয় সরকারকে তীব্র কটাক্ষ কংগ্রেসের। যা নিয়ে তীব্র অস্বস্তিতে দিল্লির সরকার।কংগ্রেসের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি দামের তালিকা পোস্ট করা হয়েছে।
যেখানে ২০১৪ সাল অর্থাৎ কংগ্রেস আমলে তেল, বেসন নুন সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কী ছিল, আর এখন অর্থাৎ ২০২৪ সালে বিজেপি সরকারের আমলে দামে বেড়ে কত হয়েছে সেই হিসাব তুলে ধরা হয়েছে। ক্যাপশনে কংগ্রেস লিখছে, এই মূল্যস্ফীতির কারণে পাকোড়াও ভাজা হচ্ছে না।

অর্থাৎ যা পরিস্থিতি তাতে মানুষেরর কপালে পেঁয়াজিও জুটছে না। বলে রাখা প্রয়োজন, মোদীর বক্তব্যে বারবার ২০১৪ সালে কংগ্রেস জামানার প্রসঙ্গ উঠে এসেছে। একাধিক ইস্যুতে বারবার রাহুল গান্ধীদের আক্রমণ শানিয়েছেন একাধিক বিজেপি শীর্ষ নেতৃত্ব। এবার কার্যত মোদী-শাহের দেখানো পথেই কংগ্রেস আমল অর্থাৎ ১৪ সালের জিনিসের দামের সঙ্গে বর্তমান অবস্থার তুলে ধরে বিজেপিকে আক্রমণ কংগ্রেস।
इस महंगाई में पकौड़े भी नहीं तले जा रहे हैं pic.twitter.com/zYaTGdHsC8
— Congress (@INCIndia) July 12, 2024
এই অবস্থায় আগামী ২৩ এপ্রিল তৃতীয় মোদী সরকারের বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আর সেই বাজেট ঘিরে বাড়ছে প্রত্যাশার পারদ। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে এই বাজেটে যাতে কোনও দিশা দেখানো হয় সেটাই চাইছেন সাধারণ মানুষ। যদিও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ইতিমধ্যে কড়া ব্যবস্থা নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ে সরকার। কড়া বার্তা দিয়েছেন দাম নিয়ন্ত্রণে। এরপরেই বাংলাজুড়ে বিভিন্ন বাজারে হানা দিচ্ছে টাস্ক ফোর্স।
এক নজরে দাম -
শহরের বিভিন্ন বাজারে আলু বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকা কেজি। কাঁচালঙ্কা ১২০-১৫০ টাকা, পেঁয়াজ ৫০-৬০ টাকা, আদা ২৩০-২৫০ টাকা, রসুন ৩০০-৩৫০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও ফুলকপি, বাঁধাকপি, পটল, ঝিঙে, গুটি কচু, গাজর ক্যাপসিকাম সহ সমস্ত আনাজ কিনতে হাত পুড়ছে গৃহস্থের। সব্জির পাশাপাশি ডিমের দামও পাল্লা দিয়ে বেড়ে চলেছে। একটি ডিম বিক্রি হচ্ছে সাত টাকায়। মাংসের দাম প্রায় ৩০০ টাকা।












Click it and Unblock the Notifications