Sonia Gandhi: রাম মন্দিরের উদ্বোধনে হাজির থাকবেন সোনিয়া-খাড়গে? অবস্থান স্পষ্ট করল কংগ্রেস
Sonia Gandhi: অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন ২২ জানুয়ারি। লোকসভা ভোটের সময় রাম মন্দির নির্মাণের বিষয়টি সামনে রেখেই প্রচারে ঝড় তুলবে বিজেপি। এই অবস্থায় ইন্ডিয়া জোটে থাকা দলগুলি কী করবে তা নিয়েই চলছে জোর চর্চা।
বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের কাছে ইতিমধ্যেই রাম মন্দির উদ্বোধনে হাজির হওয়ার আমন্ত্রণপত্র পৌঁছে গিয়েছে। লোকসভা নির্বাচনের আগে স্পর্শকাতর এই বিষয়টি নিয়েই এখন ভাবনাচিন্তা চালাতে হচ্ছে ইন্ডিয়া জোটে থাকা দলগুলিকে।

কংগ্রেসের তরফে আজ জানানো হলো, সোনিয়া গান্ধীর কাছে আবেদনপত্র পৌঁছে গিয়েছে। তবে তিনি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন কিনা তা যথাসময়েই জানিয়ে দেওয়া হবে। সোনিয়া বর্তমানে কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন। তাঁর সঙ্গেই অযোধ্যার অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
কংগ্রেসের সাধারণ সম্পাদক (যোগাযোগ) জয়রাম রমেশ এদিন বলেন, সোনিয়া ও খাড়গে রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে হাজির থাকবেন কিনা তা নিয়ে যথাসময়েই সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সেইমতো তা জানিয়েও দেওয়া হবে। উল্লেখ্য, ২২ জানুয়ারি মূল অনুষ্ঠান হলেও ১৬ জানুয়ারি থেকেই নানা আচার-অনুষ্ঠান শুরু হয়ে যাবে।
রাম লালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৬ হাজারেরও বেশি অতিথির থাকার কথা রয়েছে। সেজন্য নিশ্ছিদ্র নিরাপত্তার বন্দোবস্ত রয়েছে। রাম মন্দির ট্রাস্টের আমন্ত্রিত ও সরকারি কাজে যুক্ত ব্যক্তিরা ছাড়া ২২ জানুয়ারি কারও অযোধ্যায় প্রবেশাধিকার নেই।
লোকসভা ভোটের ঠিক আগেই রাম মন্দির উদ্বোধন বিজেপিকে মাইলেজ দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল। সেখানে আমন্ত্রণ পেয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলিও। আমন্ত্রণ-রক্ষা না করা হলে তার নেতিবাচক প্রভাব পড়বে কিনা তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। কেন না, অনুষ্ঠান বয়কটের পথে হাঁটলে জনগণের কাছে কোন কারণ তুলে ধরা হবে সেটাই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ।
অনেক বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধি হাজির থাকবেন। কোনও কোনও রাজনৈতিক দল আবার রাম মন্দির নিয়ে বিজেপির রাজনীতিকে ভালোভাবে দেখছে না। সেই কারণেও অনুষ্ঠান এড়ানোর কথা ভাবছে কয়েকটি দল। এই আবহে সোনিয়া-খাড়গে কোন পন্থা অবলম্বন করেন তার দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।
তবে রাজনৈতিক মহলের ধারণা, ইন্ডিয়া জোটে থাকা অনেক দলের শীর্ষ নেতারা হাজির থাকতেও পারেন অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে। কোনও দল প্রতিনিধিও পাঠাতে পারে। কংগ্রেসের পাশাপাশি সকলের নজরে তৃণমূল কংগ্রেসের অবস্থানও।












Click it and Unblock the Notifications