মধ্যপ্রাচ্যে সংঘাতের আগুন! বাতিল হাজারের বেশি ফ্লাইট, চাপের মুখে ভারতের বিমান শিল্প
পশ্চিম এশিয়ায় ইরান এবং ইজরায়েল ঘিরে বাড়তে থাকা উত্তেজনার প্রভাব এবার ভারতের বিমান পরিবহণ ক্ষেত্রেও স্পষ্ট হল। আকাশপথ বন্ধ, জ্বালানির দাম বৃদ্ধি এবং টাকার দুর্বলতার কারণে বড়সড় চাপে পড়েছে দেশের এভিয়েশন শিল্প। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে, ২০২৬ অর্থবর্ষে ভারতীয় বিমান সংস্থাগুলির মোট ক্ষতি ১.৭ থেকে ১.৮ লক্ষ কোটি টাকা পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে।

গত এক সপ্তাহের মধ্যে ভারত থেকে ১১০০ টিরও বেশি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। শুধু ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই প্রতিদিন প্রায় ৪০০টি উড়ান বাতিল করতে হচ্ছে। ইরান, সংযুক্ত আরব আমিরশাহী, ইরাক ও সৌদি আরব-সহ মোট সাতটি দেশের আকাশসীমা আংশিক অথবা সম্পূর্ণ বন্ধ থাকার কারণে পশ্চিম এশিয়ার গুরুত্বপূর্ণ রুটে বড়সড় প্রভাব পড়েছে।
নিরাপত্তার কারণে ইউরোপ এবং আমেরিকাগামী বিমানগুলিকে এখন বিকল্প পথ ধরে উড়তে হচ্ছে। এর ফলে প্রতিটি ফ্লাইটে গড়ে ২ থেকে ৪ ঘণ্টা সময় বেড়ে যাচ্ছে এবং জ্বালানি খরচও অনেকটা পরিমানে বাড়ছে।
এরই মধ্যে জ্বালানির দাম এবং ডলারের তুলনায় টাকার দুর্বলতার কারণে বিমান সংস্থাগুলির খরচ আরও বাড়িয়েছে। মার্চ মাসে এভিয়েশন ফুয়েলের দাম প্রায় ৬ শতাংশ বেড়ে গিয়ে প্রতি কিলোলিটার ৯৬,৬৩৮ টাকায় পৌঁছেছে। সেইসঙ্গে প্রথমবারের মতো ডলারের তুলনায় টাকার দাম ৯২ টাকার উপরে উঠে গিয়েছে, যা বিমানের লিজ এবং রক্ষণাবেক্ষণ খরচ বাড়িয়ে দিয়েছে।
এরকম পরিস্থিতিতে যাত্রীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। অনেক মানুষ বিদেশের বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়েছেন। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক বিশেষ কন্ট্রোল রুম চালু করলেও, বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি স্বাভাবিক হওয়া অনেকটাই নির্ভর করছে সংঘাত কমার ওপর।












Click it and Unblock the Notifications