Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অগ্নিগর্ভ পশ্চিম এশিয়া নিয়ে উদ্বেগে মোদী, আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তায় তৎপর মোদী সরকার

পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংঘাতের আগুনের মধ্যে বিভিন্ন দেশে আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার সর্বশক্তি দিয়ে কাজ করছে বলে সোমবার দেশবাসীর উদ্দেশে জানান তিনি। দিল্লি স্পষ্ট করেছে এই সংকট কাটাতে সংশ্লিষ্ট দেশগুলির সঙ্গে যৌথভাবে কূটনৈতিক ও সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে।

চার দিনের ভারত সফরে থাকা কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নের সঙ্গে বৈঠকের পর পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন মোদী। তিনি বলেন, "পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। সেখানে অবস্থানরত ভারতীয়দের নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার। আমরা চাই, সমস্ত সমস্যার সমাধান হোক আলোচনা ও কূটনৈতিক পথেই।" পাশাপাশি সন্ত্রাসবাদ ও কট্টরপন্থাকে বিশ্বব্যাপী বড় চ্যালেঞ্জ হিসেবেও চিহ্নিত করেন তিনি।

এদিকে মার্কিন ও ইজরায়েলি হামলার জেরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামেনির মৃত্যুর পর পরিস্থিতি আরও জটিল আকার নিয়েছে। গোটা অঞ্চলে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে দ্রুতগতিতে। একাধিক বিমান সংস্থা পশ্চিম এশিয়ার রুটে উড়ান স্থগিত করেছে, কয়েকটি দেশ সাময়িকভাবে আকাশসীমাও বন্ধ করেছে। ফলে বহু ভারতীয় নাগরিক বিভিন্ন দেশে আটকে পড়েছেন।

এই প্রেক্ষাপটে বিদেশে আটকে থাকা ভারতীয়দের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে রবিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। সোমবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী জানান, প্রত্যাবাসনের জন্য সবরকম প্রস্তুতি রাখা হয়েছে। তাঁর কথায়, "কারও দুশ্চিন্তার কারণ নেই। সরকার প্রত্যেক ভারতীয়কে নিরাপদে ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ।" রাশিয়া ইউক্রেন যুদ্ধকালে সফল উদ্ধার অভিযানের কথাও স্মরণ করিয়ে দেন তিনি।

অন্যদিকে দিল্লিতে বৈঠকের পর ভারত কানাডা সম্পর্কের নতুন দিগন্তের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা সরঞ্জাম ক্ষেত্রে যৌথ সহযোগিতা বাড়ানোর পাশাপাশি ইউরেনিয়াম সরবরাহ নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তি সেরেছে দুই দেশ। পারমাণবিক শক্তি উৎপাদনে ইউরেনিয়ামের গুরুত্ব উল্লেখ করে মোদী জানান, ভবিষ্যতে ছোট মাপের মডিউলার রিঅ্যাক্টর তৈরির ক্ষেত্রেও ভারত ও কানাডা একসঙ্গে কাজ করবে।

অগ্নিগর্ভ আন্তর্জাতিক পরিস্থিতির মাঝেও কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন দিল্লির প্রধান লক্ষ্য এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+