এবার ভুয়ো কলকারীদের নাম উন্মোচন করবে এই পরিষেবা! কারা পাবেন এই সুবিধা, জেনে নিন এখনই
নতুন বছর শুরু হতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। আর তার মধ্যেই মোবাইল ফোন ব্যবহারে বড়সড় বদল হল। অনেকেই হয়তো খেয়াল করেননি। কিন্তু খেয়াল না করলেও, ফোনে আসা কলের ক্ষেত্রে চালু হয়ে গিয়েছে এক নতুন ব্যবস্থা। রিলায়েন্স জিয়ো, এয়ারটেল এবং ভোডাফোন-আইডিয়া গ্রাহকদের জন্য শুরু হয়েছে 'কলিং নেম প্রেজেন্টেশন (CNAP)' পরিষেবা। এর মূল লক্ষ্য হল, প্রতারণামূলক ফোন থেকে গ্রাহকদের সুরক্ষিত রাখা।

এখন থেকে যদি আপনার ফোনে যদি কোনও অচেনা নম্বর থেকে কল আসে তাহলে শুধু নম্বর নয়, ফোনের স্ক্রিনে ভেসে উঠবে কল করা ব্যক্তির নামও। অর্থাৎ কে ফোন করছে, সেটা আগেভাগেই বুঝতে পারবেন আপনারা। সিম কার্ডের কেওয়াইসি নথি থেকেই এই নাম নেওয়া হচ্ছে। আধার অথবা অন্য ভেরিফায়েড ডকুমেন্টে যার যে নাম রয়েছে, সেটাই সরাসরি দেখা যাবে আপনার ফোনে।
এখনকার দিনে ভুয়ো ফোন, প্রতারণা এবং স্প্যাম কলের সংখ্যা হু হু করে বেড়ে চলেছে। প্রত্যেকদিন অনেক মানুষ প্রতারণার ফাঁদেও পড়ছেন। কিন্তু এখন সেই ভুয়ো ফোন কল কিংবা কোনও স্প্যাম কল এলেই আপনি দেখতে পাবেন ওই ব্যক্তির নামও। সেই কারণেই টেলিকম সংস্থাগুলি এই নতুন ফিচারটি চালু করেছে। অচেনা কল ধরার আগে গ্রাহক যেন অন্তত বুঝতে পারেন যে, ফোনের ওপারে কে রয়েছে। এই ভাবনা থেকেই 'কলিং নেম প্রেজেন্টেশন (CNAP)'।
অনেকেই আবার প্রশ্ন করছেন যে, তাহলে ট্রুকলারের দরকার কী? আসলে দু'টির মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে। ট্রুকলারের তথ্য মূলত ব্যবহারকারীদের দেওয়া নামের উপরেই নির্ভর করে। ফলে সেখানে ভুল নাম, ডাকনাম অথবা বিভ্রান্তিকর পরিচয় দেখানোর সম্ভাবনা থাকে। কিন্তু এই 'CNAP' পুরোপুরি কেওয়াইসি-ভিত্তিক। অর্থাৎ ভুয়ো পরিচয়ে ফোন করার সুযোগ অনেকটাই কমে যাচ্ছে।
এই মুহূর্তে জিয়ো, এয়ারটেল এবং ভিআই গ্রাহকদের জন্য 'CNAP' পরিষেবা পরীক্ষামূলক ভাবে চালু রয়েছে। পশ্চিমবঙ্গ, রাজস্থান, বিহার, কেরল, অসম, পাঞ্জাব, ঝাড়খণ্ড, ওড়িশা এবং উত্তরপ্রদেশের কিছু এলাকা জুড়ে এই সুবিধা পাওয়া যাচ্ছে। তবে এখনও বিএসএনএল গ্রাহকদের জন্য এই পরিষেবাটি শুরু হয়নি। সেক্ষেত্রে আরও কিছুটা সময় লাগবে।
টেলিকম নিয়ন্ত্রক সংস্থা তাই আগেই নির্দেশ দিয়েছে যে, সমস্ত টেলিকম সংস্থাকেই এই ধরনের কলার আইডেন্টিফিকেশন ব্যবস্থা চালু করার জন্য। এর ফলে ধীরে ধীরে দেশজুড়েই এই পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
সব মিলিয়ে, নতুন বছর শুরু হওয়ার আগেই মোবাইল ব্যবহার আরও নিরাপদ করার পথে এক ধাপ এগিয়ে গেল টেলিকম দুনিয়া। অচেনা কল মানে এখন থেকে আর পুরোপুরি অজানা নয়। এটাই CNAP-র সবচেয়ে বড় সুবিধা।












Click it and Unblock the Notifications